বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে সারাদেশে খুন-গুমের কারণে সাধারণ মানুষ আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছে। তাই নিরবে প্রতিবাদ করে লাভ হবে না। সরকারের অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে রুখে দাঁড়াতে হবে।
মঙ্গলবার আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট আয়োজিত মানববন্ধন শেষে তিনি এসব কথা বলেন।
ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ সরকার দেশে খুন-গুম করে দেশে সন্ত্রাসী অবস্থা সৃষ্টি করেছে। গণতন্ত্র হত্যা করে এবং অবৈধভাবে ক্ষমতা দখল তারা ক্ষমতায় টিকে থাকতে চাই। এজন্য তারা সাধারণ মানুষের প্রতি নির্যাতন বাড়িয়ে দিয়েছে।
তিনি আরও বলেন, আসুন আমরা এ সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করি। দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলেই সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।
রাজধানীর কাকরাইল মোড় থেকে শুরু হয়ে আরামবাগ নটরডেম কলেজ পর্যন্ত দীর্ঘ মানববন্ধনে বিএনপিসহ ২০ দলের নেতাকর্মীরা অংশ নেয়।
মানববন্ধনে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, লে. জে. (অব.) মাহ্বুবুর রহমান,চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মান্নান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, প্রচার সম্পাদক জয়নাল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. সেলিম উদ্দিন, ইসলাম ঐক্যজোটের আবদুল লতিফ নিজামী, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামিক পার্টির সভাপতি অ্যাডভোকেট আবদুল মবিন, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মাদ মেজর (অব.) ইব্রাহিম, জাগপা সভাপতি সফিউল আলম প্রধানসহ ২০ দলের নেতাকর্মীরা অংশ নেয়।
ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





