সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের দাবিতে হেফাজতে ইসলামের ডাকা বৃহস্পতিবারের হরতাল স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফী হরতাল স্থগিত করেন। হেফাজতের কেন্দ্রীয় নেতা আল্লামা আজিজুল হক ইসলামাবাদী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
এদিকে মঙ্গলবার দুপুর তিনটায় ঢাকার মহানগর হাকিম আদালতের হাজতখানা থেকে লতিফ সিদ্দিকীকে নিয়ে যাওয়া হয় কারাগারে।
এর আগে আত্মসমর্পণের পর লতিফ সিদ্দিকীকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন মহানগর হাকিম আতিকুর রহমানের আদালত।
আদালতে শুনানির সময় লতিফ সিদ্দিকীর পক্ষে কোনো জামিনের আবেদন জানানো হয়নি। বেলা দেড়টার দিকে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার দেখিয়ে আদালতে নেওয়া হয়। এর পরপরই আদালতের এজলাসকক্ষের আসামির কাঠগড়ায় তোলা হয় তাকে। লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার একটি মামলার বাদী অ্যাডভোকেট আবেদ রাজা আদালতে উপস্থিত ছিলেন। একই বাদীর মামলাটিতে এর আগে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। সোমবার একই হাকিম ওই গ্রেফতারি পরোয়ানা অনুসারে লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের তাগাদা দেন।
বেফাঁস বক্তব্য দিয়ে মন্ত্রিত্ব ও দলীয় পদ খোয়ানো বিতর্কিত এই রাজনীতিক মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডি থানায় আত্মসমর্পণ করেন।
জেএ





