ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, রাষ্ট্রের মালিক জনগণ। কিন্তু আজকে যারা ক্ষমতায় আছে তারা বার বার মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে।
শনিবার (০৮ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে আয়োজিত বিএনপির সমাবেশে ইশরাক এই কথা বলেন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কারাবাসের দুই বছর পূর্তি ও তাঁর মুক্তির দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।
ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, বর্তমান সরকার কেয়ারটেকার ব্যবস্থা বাতিল করেছিলেন অন্যায়ভাবে। বিচার বিভাগকে তারা প্রভাবিত করে তাদের নীলনকশা বাস্তবায়ন করার জন্য।
তিনি আরও বলেন, নির্বাচনের নামে জনগণের সাথে ২০০৮ সালে তারা প্রহসন করেছে। পরে আমরা মনে করেছিলাম সিটি নির্বাচনে তারা হস্তক্ষেপ করবে না। সে জন্য আমরা জাতীয় নির্বাচনে ও সিটি নির্বাচনে অংশ নিয়েছি। কিন্তু আমরা দেখেছি, জনগণ তাদের থেকে যে মুখ ফিরিয়ে নিয়েছে তা তারা বুঝতে পেরেছে। তারা আবারো একটি তামাশার নির্বাচন জনগণের সামনে উপহার দিয়েছে।
ইশরাক বলেন, রাষ্ট্রের মালিক জনগণ। কিন্তু আজকে যারা ক্ষমতায় আছে তারা বার বার মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে। অতীতে তারা বাকশাল কায়েম করেছে। তারা সকল রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করেছে। সকল কিছুকে আজকে ধ্বংস করেছে। সংসদ ও সংবিধানকে ধ্বংস করেছে। বিচার বিভাগ দলীয়করণ করেছে। তাই এসব থেকে মুক্তি পেতে হলে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা ছাড়া অন্য কোনো উপায় নাই। তিনি মুক্তি পেলে বাংলাদেশ মুক্তি পাবে। ইনশাআল্লাহ জনগণের রায়ে আমরা আবারো ক্ষমতায় ফিরে আসবো।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল বলেন, আমাদের মায়ের মুক্তি মানে দেশের জনগণের মুক্তি। তাই খালেদা জিয়াকে মুক্ত করতে রাজপথে আন্দোলন করতে হবে। আমি সব সময় আপনাদের পাশে আছি।
সমাবেশে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।
এমবি





