বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদে ফিরিয়ে আনার পদক্ষেপ একদলীয় শাসন কায়েমের জন্যই নেওয়া হয়েছে।
রাজধানীর শেরেবাংলা নগরে সোমবার সকাল সোয়া ১১টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন।
জনগণকে বিভ্রান্ত করতে আওয়ামী লীগ বরাবরই জঙ্গিবাদ ও সন্ত্রাসের ভাঙা রেকর্ড বাজিয়ে চলেছে। বিএনপিকে নির্মূল করতেই এ সব অপপ্রচার চালানো হচ্ছে বলেও মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সফু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুসহ সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতাকর্মীরা।
ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





