আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিমানের গুরত্বপূর্ণ কর্মকর্তারা বিমান পরিচালনা বাদ দিয়ে সোনা চোরাচালান করছে। যা অত্যন্ত মানহানিকর। আর এর দায় অবশ্যই বিমানমন্ত্রীকে নিতে হবে।
শুক্রবার রাজধানীর মুক্তিযোদ্ধা জাদুঘর হলরুমে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘চলমান রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় সুরঞ্জিত এ কথা বলেন।
তিনি বলেন, মানুষ বলছে রাঘব বোয়ালরা ধরা পড়ছে। আমি বলবো, যারা ধরা পড়ছে এদের পেছনে আরো বড় রাঘব বোয়াল আছে। তাই এর দায় অবশ্যই বিমানমন্ত্রীকে নিতে হবে এবং দোষী ব্যস্তিদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করতে হবে।
তিনি আরো বলেন, যতগুলো ঝুঁকিপূর্ণ বিমানবন্দর রয়েছে তার মধ্যে বাংলাদেশের বিমানবন্দর একটি। যার কারণে ঝুকিপূর্ণ এই বিমানবন্দরে চোরাচালান করা হয়। এর বিরুদ্ধে কাস্টম অফিসাররা যে ব্যবস্থা নিচ্ছে এতে তাদের ধন্যবাদ জানাই।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড.শফিউল ইসলাম হত্যাকাণ্ড প্রসঙ্গে সুরঞ্জিত আরো বলেন, বিশ্ববিদ্যালয় হলো মুক্তচিন্তার অভয়াশ্রম। কিন্তু এখানে যদি জঙ্গিরা মুক্তচিন্তার মানুষকে হত্যা করে এবং পুলিশ দাড়িয়ে নিরব ভূমিকা পালন করে তাহলে তা চিন্তার বিষয়!
তারেক রহমানের জন্মদিন পালন প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, গতকাল দেখলাম বিএনপি ঘটা করে তারেক রহমানের ৫০তম জন্মদিন পালন করলো। তিনি একজন ফেরারি আসামি! তার রাজনৈতিক দর্শনই হলো খাম্বা বানানো। পলাতক আসামির জন্মদিন পালন করা বাংলাদেশেই সম্ভব। বিএনপির মতো অপরাজনীতিকদেরই পক্ষেই এ কাজ সম্ভব।
আলোচনা সভায় হাজী সেলিমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের হারুণ চৌধুরী, হুমায়ন করির মিজি প্রমুখ।
জেআই





