আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবাদুল কাদের বলেছেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী স্বাভাবিক নিয়মেই হবে। বিএনপি খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে না এলেও তা থেমে থাকবে না।

ঈদুল ফিতরকে সামনে রেখে বুধবার (৩০ মে) দুপুরে উত্তর-পশ্চিমাঞ্চল থেকে ঢাকার প্রবেশদ্বার গাবতলীতে আকস্মিক পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, ‘জাতীয় নির্বাচনের আর মাত্র ৪-৫ মাস বাকি। এই সময়ে বিএনপি কিভাবে নির্বাচনে আসবে এটা তাদের বিষয়। তাছাড়া, খালেদা জিয়াকে সরকার জেলে পাঠায়নি, আলাদত পাঠিয়েছেন খালেদা ছাড়া বিএনপি নির্বাচনে না এলে সরকার তাদের জোর-জবরদিস্ত করে নির্বাচনে আনবে না।’

সড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের বিষয়ে সড়কমন্ত্রী বলেন, ‘উৎসমুখেই এসব ফিটনেসবিহীন গাড়ি বন্ধ করতে হবে। সড়কে সাজা দিয়ে লাভ হবে না। সড়কের পাশে অবৈধ ওয়ার্কশপ থাকলেই সিলগালা করা হবে। এসব ওয়ার্কশপের জন্য আমরা সাধারণ মানুষকে কষ্ট দিতে পারি না। ঈদে সড়কের অবস্থা স্বাভাবিক রাখতে সর্বাত্মক চেষ্টা থাকবে।’

সম্প্রতি কূটনীতিকদের সঙ্গে আওয়ামী লীগের প্রতিনিধিদের সাক্ষাৎ প্রসঙ্গে কাদের বলেন, ‘আমরা কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ করেছি। নির্বাচনের বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার করেছি তাদের কাছে।’