যে কোনো উৎসবেই রাজনীতিদিদের জন্য বাড়তি জন সংযোগের উপলক্ষ হয়ে দাঁড়ায়। ঈদ তার মধ্যে অন্যতম। সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নাড়ির টানে গ্রামে ছোটে সব পেশা ও শ্রেণীর মানুষ। বাদ যান না রাজনীতিবিদরাও। বরং বাড়ি ফেরার তাগিদ অন্যদের চেয়ে তাদের একটু বেশি। কারণ যেসব মানুষের সমর্থন ও ভোটে তারা সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠেন, তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা অবশ্য কর্তব্যও মনে করেন তারা।
তাই বছরের বেশিরভাগ সময় রাজধানীতে অবস্থান করলেও এরই মধ্যে অনেকেই ছুটেছেন এলাকায়। যারা যাননি, এখন যাচ্ছেন। আবার কূটনীতিক, বিশিষ্টজন ও সর্বসাধারণের জন্য দলীয় প্রধানের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে থাকতে হবে কোনো কোনো নেতাকে। কেউবা গ্রামে ঈদের নামাজ আদায় শেষে ফিরে আসবেন ঢাকায়। আবার সুদূর প্রবাসে থাকা ছেলেমেয়ে, আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদ করতে অনেকেই যাচ্ছেন দেশের বাইরে। কেউ কেউ কারাগারেই ঈদ করবেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঈদের দিন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
বেলা ১১টা থেকে সাড়ে ১১ পর্যন্ত কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিশিষ্ট নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিয়ম করবেন তিনি।
পরে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপির চেয়ারপারসন।
বিএনপির প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান টাইমনিউজবিডি.কমকে জানান, ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করবেন খালেদা জিয়া।
বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলটির কেন্দ্রীয় নেতারাদের অধিকাংশই যার যার নির্বাচনী এলাকায় ঈদ করবেন। ইতিমধ্যে অনেকেই নিজ নিজ এলাকায় চলে গেছেন। ঈদুল আজহার অন্যতম অনুষঙ্গ পশু কোরবানির প্রস্তুতিও সেরে ফেলেছেন কেউ কেউ। গরু-ছাগল-উট কেনার কাজও এগিয়ে চলছে। দরিদ্রদের মাঝে শাড়ি, লুঙ্গি, চিনি-সেমাই বিতরণের কাজও শুরু করেছেন অনেকে।
গত কয়েক বছর ধরে ইংল্যান্ডে ঘরোয়া পরিবেশে ঈদ উদযাপন করে আসছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এবারও তিনি প্রবাসেই ঈদ করবেন।
রাজধানীর আশপাশের নেতাদের অনেকেই সকালে নিজ নিজ এলাকায় ঈদের নামাজ আদায় ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে দুপুরে চেয়ারপারসনের ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবার ঈদ করবেন নিজ জেলা ঠাকুরগাঁয়ে। ঈদের পরের দিন ফিরবেন ঢাকায়।
দলের স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, হান্নান শাহ, বেগম সারেয়ারী রহমান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ঢাকায় ঈদ করবেন।
এবারের ঈদ প্রবাসেই করার সম্ভাবনা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের। চিকিৎসার জন্য এই মুহূর্তে তিনি লন্ডনে অবস্থান করছেন।
স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন রয়েছেন কারাগারে। কাশিমপুর কারাগারেই কাটবে তার এবারের ঈদ।
নিজ জেলা যশোরে ঈদ করবেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য তরিকুল ইসলাম। এছাড়া দলের ভাইস চেয়ারম্যান এম মোর্শেদ খান, আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, মীর মোহাম্মদ নাছির, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার তাদের নির্বাচনী এলাকা চট্টগ্রামে ঈদ করবেন। এখন তারা নিজ নিজ এলাকায় অবস্থান করছেন।
জানা গেছে, দলের ভাইস চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন ঢাকায় ঈদ করবেন। গুলশান জামে মসজিদে ঈদের নামাজ শেষে চেয়ারপারসনের ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর বাসায় ফিরে নিজ নির্বাচনী এলাকা থেকে আসা নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ঈদের পরের দিন যাবেন নির্বাচনী এলাকা মুন্সিগঞ্জে। দলের আরেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীও ঈদ করবেন ঢাকায়। তিনি বিএনপি চেয়ারপারসনের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত থাকবেন।
এছাড়াও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবীব-উন নবী খান সোহেল, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, স্বেচ্ছা সেবকদলের সাধারন সম্পাদক মীর সরাফত আলী সপু, ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলসহ অনেকেই ঢাকায় ঈদ করবেন।
ঢাকা মহানগরীর সাবেক মেয়র ও বিএনপির ভাইস সাদেক হোসেন খোকা এই মুহূর্তে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানেই ঈদ করবেন তিনি।
অন্যদিকে দলের স্থায়ী কমিটির অপর সদস্য সালাউদ্দীন কাদের চৌধূরী, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন পিন্টু ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর কারাগারেই ঈদ পালন করবেন।
এমএইচ





