২০১৮-২০১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, ‘ইট ইজ এ বিগ বিউটিফুল ব্লু বেলুন' বাজেট। এই বাজেট হচ্ছে ‘একটি বিশাল সুন্দর নীল রঙের বেলুন’। এর ভেতরে কিছুই নাই।’

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে গুম-খুন হওয়া ৩০ টি পরিবারকে ঈদ উপহার ও ইফতার মাহফিল উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‘অর্পণ বাংলাদেশ’নামে একটি সামাজিক সংগঠন এই আলোচনা সভার আয়োজন করে।

বাজেটের সমালোচনা করে মওদুদ বলেন, ‘গতানুগতিক বাজেট, আপসকামিতার বাজেট, নির্বাচনকে সামনে রেখে এ বাজেট, ভোটারদের আকৃষ্ট করার বাজেট এটি।’

তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় আসলে যারা গুম ও খুন হয়েছে তাদের তাদের পেছনের নেপথ্য নায়কদের বিচারের কাঠগড়ায় হাজির করা হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

সংগঠনের সভাপতি বীথিকা ইবনে হোসাইনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন গুম ইলিয়াস আলীর সহধর্মীনি ও বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, গুম আদনান চৌধুরীর পিতা রুহুল আমিন চৌধুরী, ক্রসফায়ারে নিহত বাপ্পির বোন ঝমুর বেগম, ড্রাইভার কাউছারের শিশু কণ্যা লামিয়া আক্তার মিম, পারভেজ হোসেনের শিশু কণ্যা রিদি, চঞ্চলের পুত্র আহাদ প্রমুখ।

উপস্থিত ছিলেন গুম মফিজুল ইসলাম রাশেদের স্ত্রী রুমা বেগম, জহিরুল ইসলাম জহিরের পিতা মো. সিরাজুল ইসলাম, কাজী ফরহাদারে ভাই আমান, মাহবুব হাসান সুজনের মা রাশিদা বেগম, তরিকুল ইসলাম তারার স্ত্রী বেবী, তরিকুল ইসলাম ঝন্টুর মা হাসিনা বেগম, মুন্নার মা ময়ূরী বেগম, পারভেজ হোসেনের স্ত্রী ফারজানা, ক্রসফায়ারে নিহত নুরুজ্জামান জনির স্ত্রী মনিষা ও পুত্র নহর সহ প্রায় ৩০ পরিবার।

অনুষ্ঠানে শিশু আহাদ, হৃদি ও মীম তাদের বক্তব্যে বলেন, হাসিনা আন্টি ঈদের আগে বাবার সাথে মার্কেটে যেতে চাই। মা কিছুই কিনে দেয় না। বাবার এলে মার্কেটে যাবো, নতুন জামা কিনবো। আপনি দয়া করে আমাদের বাবাদের ফিরিয়ে দিন।

অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ৩০ পরিবারকে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে উপহার তুলে দেয়া হয়।

ঈসা/এসএম