কুমিল্লা-৭ চান্দিনা সংসদীয় আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ডা: প্রাণ গোপাল দত্ত।

আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টায় কুমিল্লা জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মো: দুলাল তালুকদার এর হাতে মনোনয়নপত্র তুলে দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি মু. রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক ও দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক সিনিয়র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ টিটু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বকসী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, চান্দিনা পৌর মেয়র মো: শওকত হোসেন ভূঁইয়া, সাবেক মেয়র মো: মফিজুল ইসলামসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

৩০ জুলাই এই আসন থেকে পাঁচবার নির্বাচিত সাংসদ সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো: আলী আশরাফের মৃত্যুতে আসনটি শূন্য হয়। আগামী ৭ অক্টোবর ভোট গ্রহণের দিন ধার্য করে ২ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এবিএস