বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘পাগল’ মনে হয় বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
সোমবার সকালে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্মিলিত আওয়ামী সমর্থকজোট আয়োজিত হরতালবিরোধী মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
মায়া বলেন, আমার কাছে বেগম খালেদা জিয়াকে পাগল মনে হয়। পরীক্ষা কি শুধু আওয়ামী লীগ নেতার ছেলে-মেয়েরা দেয়। বিএনপি-জামায়াতের লোকদের সন্তানরাও তো পরীক্ষা দেয়।
তিনি বলেন, খালেদা জিয়ার নোংরামি সহজে শেষ হবে না। তার কিছু চাকর-বাকর আছে তারা তার কাছে যায়। দেশের কিছু মানুষ এদের আপদ মনে করে। আর কিছু মানুষ আছে যারা তাদের বিপদ মনে করে। এই ‘আপদ-বিপদ’ কে একসঙ্গে শেষ করতে হবে।
তিনি আরো বলেন, ওনি (খালেদা জিয়া) শিশুদের পরীক্ষা দিতে দেবে না।কিন্তু মনে রাখবেন শেখ হাসিনার নেতৃত্বেই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বিষয়ে সকল ধরনের ব্যবস্থা নেয়া হবে। কেউ বাধা দিয়ে রুখতে পারবে না।
ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, আজকে কয়েকটি পত্রিকায় দেখলাম।পাকিস্তানের কূটনৈতিকরা বাংলাদেশে নাশকতার জন্য ইন্ধন ও অর্থের যোগান দিচ্ছে।
তিনি বলেন, যারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংলাপ-আলোচনার কথা বলেন, তারা আগে যারা নাশকতা করে তাদেরকে থামতে বলেন। অবরোধ-হরতালের নামে সন্ত্রাসী কর্মকান্ড করে তাদেরকে আগে বোঝেন। তারপর কথা বলেন।
ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচারও প্রকাশনা সম্পাদক এবং সম্মিলিত আওয়ামী সমর্থক জোটরে চেয়ারম্যান আবদুল হক সবুজ এই হরতালবিরোধী সমাবেশ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন।
এমআর/এসএইচ





