বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, আগামী মার্চে অনুষ্ঠিতব্য বিএনপির জাতীয় কাউন্সিলের জন্য সোহরাওয়ার্দী ময়দানের অনুমতি গণপূর্ত বিভাগ থেকে দেওয়া হলেও এখন পর্যন্ত ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি ।

শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

রিজভী বলেন, ‘আমরা মার্চের ১৯ তারিখ কাউন্সিল অনুষ্ঠানের জন্য তিনটি জায়গার অনুমতি চেয়ে দরখাস্ত করেছি। এর মধ্যে সোহরাওয়ার্দী উদ্যানের জন্য গণপূর্ত কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছিল, তার জবাব পেয়েছি। তারা বলেছে, তাদের দিতে আপত্তি নেই, এটা এখন পুলিশের অনুমোদনের বিষয়। পুলিশ কর্তৃপক্ষকে এ বিষয়ে চিঠি দেওয়া হলেও এখন পর্যন্ত জবাব পাওয়া যায়নি।’

এদিকে সোহরাওয়ার্দী উদ্যানে না হলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন কাউন্সিলের জন্য চেয়েছে বিএনপি।

প্রসঙ্গত, ২০০৯ সালের ৮ ডিসেম্বর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএনপির সর্বশেষ কাউন্সিল হয়েছিল। তিন বছর পর পর কাউন্সিল অনুষ্ঠানের কথা থাকলেও ছ্য় বছরের বেশি সময় পর দলটির জাতীয় কাউন্সিল অনুষ্টিত হতে যাচ্ছে।

রিজভী আরও বলেন, ‘আগামী কাউন্সিলকে সফল করতে সারা দেশের দলীয় নেতা-কর্মীদের কাছে চিঠি পাঠানো হয়েছে। প্রতিটি থানা ও জেলা পর্যায়ে দুইজন করে নারী কাউন্সিল বানানোরও নির্দেশ দেওয়া হয়েছে।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুছ তালুকদার দুলু, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান হাবিব, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।

এমএইচ,এমএম