লন্ডনের একটি হাসপাতালে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।
শনিবার (০৪ মে) লন্ডনের মরফিল্ড চক্ষু হাসপাতালে শেখ হাসিনার চোখে অস্ত্রোপচার করা হয়।
আজ (০৫ মে) রোববার দুপুরে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, প্রধানমন্ত্রীর চোখের অপারেশন সম্পন্ন হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।
প্রধানমন্ত্রী লন্ডনে দলীয় কোনও কর্মসূচিতে অংশ নেবেন কিনা? জানতে চাইলে ফারুক বলেন, “প্রধানমন্ত্রী সময় দিলে অনুষ্ঠান হবে।”
এদিকে, যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা রোববার লন্ডন সময় দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বুকিং দেওয়া সেন্ট্রাল লন্ডনের তাজ হোটেলের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।
এমবি





