ট্রাক চাপায় কুমিল্লার দেবিদ্বার উপজেলা বিএনপির সভাপতি ও তার নাতনি নিহত হয়েছেন।
নিহতরা হলেন- বিশিষ্ট আয়কর আইনজীবী ফরিদ উদ্দিন আহমেদ (৬৫) ও তার নাতনি মাসরুকা (২)।
গতকাল (১৩ আগস্ট) মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফরিদের মৃত্যু হয়। আশংকাজনক অবস্থায় নিহতের স্ত্রী ও ছেলেকে ঢামেকে ভর্তি করা হয়েছে।
দেবিদ্বার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন জানান, দেবিদ্বারের মোহাম্মদপুর গ্রামে ঈদ-উল আযহা উদযাপন শেষে ফরিদ পরিবারের ৫ সদস্য নিয়ে একটি মাইক্রোবাসযোগে ঢাকায় ফিরছিলেন। তাদের বহনকারী গাড়িটি মহাসড়কের মুন্সিগঞ্জ জেলার ভবেরচর এলাকায় পৌঁছলে ট্রাক চাপায় তা দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার ছেলের মেয়ে মাসরুকা আক্তার নিহত হন। এসময় মারাত্মক আহত হন ফরিদ, তার স্ত্রী ও ছেলে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকায় নেয়ার পর রাত সোয়া ৮টার দিকে স্কয়ার হাসপাতালে মারা যান ফরিদ। আশংকাজনক অবস্থায় নিহতের স্ত্রী ও ছেলেকে ঢামেকে ভর্তি করা হয়েছে।
এমবি





