বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘ক্রসফায়ার’ নয়, সন্দেহভাজন জঙ্গি গোলাম ফায়জুল্লাহ ফাহিমকে হত্যা করা হয়েছে। এটি সম্পূর্ণ সাজানো ঘটনা। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে ইমানুয়্যেলস ব্যাঙ্কুইট হলে বাংলাদেশ লেবার পার্টির আয়োজিত ইফতার মাহফিলে খালেদা জিয়া এ কথা বলেন।
কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন জঙ্গি ফাহিমের নিহত হওয়ার কথা উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘এটা সম্পূর্ণ একটা সাজানো ঘটনা।
তাকে কোনো ক্রসফায়ার নয়, তাকে হত্যা করা হয়েছে এবং পুলিশ হত্যা করা মানে হাসিনা এর সঙ্গে ইনভলবড। কেননা হাসিনা হলো হোম । এই নিরীহ হত্যার বিচার দাবি করেন বিএনপি প্রধান।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন, দেশে যেসব অপরাধ সংঘটিত হচ্ছে, তার সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও পুলিশ জড়িত।
সারা দেশে সাধারণ মানুষ ও বিএনপির নেতা-কর্মীরা অত্যাচারিত হচ্ছেন। বিএনপির নেতা-কর্মীরা ন্যায়বিচার পাচ্ছেন না। কারাগারে বিএনপির নেতা-কর্মীরা চিকিৎসা পান না।
কারাগার থেকে মুক্তি পেলে আবার কারা ফটক থেকেই বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়। গণগ্রেপ্তারের নামে সারা দেশে বিএনপি ও অন্যান্য বিরোধী দলের নেতা-কর্মী এবং সাধারণ মানুষকে অত্যাচার করা হয়েছে।
লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিএনপির নেতৃত্বাধীন ২০–দলীয় জোট নেতাদের মধ্যে জামায়াতের কর্মপরিষদের সদস্য সেলিম উদ্দিন, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গানি, বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
এসএম





