জামায়াতে ইসলামীর নায়েবে আমির প্রখ্যাত মুফাসসিরে কোরআন মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে জামায়াতে ইসলামী আগামীকাল শনিবার বিক্ষোভ এবং রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করবে।
মানবতা বিরোধী অপরাধের মামলায় আপিল বিভাগ বুধবার রায় ঘোষণার পর জামায়াতে ইসলামী দুই দিনে ৪৮ ঘণ্টার হরতালসহ কর্মসূচি ঘোষণা করে। বৃহস্পতিবার দেশব্যাপী হরতাল পালিত হয়। আজ দোয়া দিবস পালন দলটি।
শনিবার সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ এবং রোববার সকাল ৬টা থেকে ২২ সেপ্টেম্বর সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার আহবান জানিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডাঃ শফিকুর রহমান।
শুক্রবার এক বিবৃতিতে এ আহবান জানিয়ে তিনি বলেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে দেশের জনগণ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করেছে। কিন্তু সরকার জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার পরিবর্তে জনগণের উপর জুলুম নির্যাতন চালিয়ে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে চায়। সরকার সারাদেশে জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের গ্রেফতার করা অব্যাহত রেখেছে।
শুক্রবার সকালে সাতক্ষীরা জেলার তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মফিজুর রহমান, শ্যামনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল গফুর, শ্যামনগর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন মাওলানা কবিরুল ইসলামকে, মাগুরা জেলার শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আবদুর রাজ্জাককে, দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মমিনুল হক ও সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ হোসেনসহ খুলনা, উল্লাপাড়া ও রাজশাহীর গোদাগাড়ীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২০ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি বলেন, জামায়াতে ইসলামীর শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধাদান করে এবং নেতাকর্মীদের গ্রেফতার করে জেলে পাঠিয়ে সরকার আন্দোলন দমণ করতে পারবে না। সরকার রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় শাস্তি প্রদান করেছে।
সরকার জামায়াতে ইসলামীকে নেতৃত্ব শূন্য করার জন্য যে ষড়যন্ত্র শুরু করেছে তারই অংশ হিসেবে আল্লামা সাঈদীকে মিথ্যা মামলায় আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে। সরকার জনগণের আন্দোলনের মুখে তাঁকে মুক্তি দিতে বাধ্য হবে, ইনশাআল্লাহ।
সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেফতার অভিযান বন্ধ করে জামায়াত ও ছাত্রশিবিরের গ্রেফতারকৃত নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি প্রদান করার জন্য তিনি সরকারের প্রতি আহবান জানান ডা. শফিকুর রহমান।
হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ওষুধের দোকান, সংবাদপত্র, টিভি চ্যানেল ও সাংবাদিকগণের গাড়ি, গ্যাস, বিদ্যুৎ ও ফায়ার ব্রিগেডের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে জামায়াতের বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ঢাকা, ১৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





