বর্তমান সংসদকে অবৈধ বলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন তরিকত ফেডারেশনের সভাপতি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি।
বুধবার জাতীয় সংসদের বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এ দাবি করেন। এ সময় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন।
তিনি বলেন,সংসদকে অবৈধ বলে খালেদা জিয়া যে দম্ভোক্তি করেছেন,ভবিষ্যতেও যদি তিনি এরকম কথা বলেন তাহলে তরিকত ফেডারেশনের পক্ষ থেকে হাইকোর্টে রিট করা হবে।
মহাজোটের এমপি ও তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবল বশর মাইজভান্ডারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাগলা গারদে ভর্তি করানোর পরামর্শ দেন।
তিনি বলেন,জামায়াত শিবিরের অঘোষিত আমির খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আমি প্রধানমন্ত্রীকে আহ্বান জানাই। তদন্তের প্রয়োজন নেই খালেদা জিয়া ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের সঙ্গে জড়িত। এ অস্ত্র আটকের পর জেনেও তিনি মৌন ছিলেন। মৌনতাই সম্মতির লক্ষণ। তার মৌনতাই প্রমাণ করে তিনি পুরো বিষয়টি জানতেন।
আওয়ামী লীগ থেকে নির্বাচিত এমপি মাহবুবুল আলম হানিফ বলেন,১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনা খালেদা জিয়া জানতেন। উনি যদি উনার অযোগ্যতার কারণে চুপ থেকে থাকেন। তাহলে বলব তার মতো ব্যর্থ ও অযোগ্য শাসককে এ বাংলাদেশ আর দেখতে চায়না।
তিনি বলেন,চোরাচালানের ঘটনায় জড়িত থাকার অপরাধে খালেদা জিয়াকে বিচারের আওতায় আনা হোক। তাকে বিচারের আওতায় আনা হলে প্রকৃত বিচার হবে।
এর আগে মঙ্গলবার রাতে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন,১০ ট্রাক অস্ত্র মামলায় খালেদা জিয়ার সম্পৃক্ততা নিয়ে তদন্ত হবে এবং তদন্তে দোষী প্রমাণিত হলে তারও বিচার হবে।
[b]ঢাকা, ৫ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]