ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ) কর্তৃক নওগাঁ জেলার সাপাহার সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াত আমির বলেন, “নওগাঁ জেলার সাপাহার উপজেলার পাতারি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ-এর নির্যাতনে আব্দুল বারী নামে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। বাংলাদেশ ও ভারত সীমান্তে মাঝে মাঝেই বাংলাদেশিদের হত্যা করা হচ্ছে। দুই দেশের সীমান্তবর্তী এলাকায় কোনো ব্যক্তি কোনো অপরাধ করলে প্রচলিত আইন তার বিচার হতে পারে। কিন্তু বিনা বিচারে কাউকে হত্যা করার কোনো সুযোগ কোনো দেশেরই নেই।”
বিবৃতিতে জামায়াত আমির বলেন, “ভারত সরকারের সাথে বাংলাদেশ সরকারের সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নিয়ে আসার ব্যাপারে চুক্তি রয়েছে। কিন্তু বার বার এ চুক্তি লংঘন করে বিএসএফ কর্তৃক বাংলাদেশি হত্যার ঘটনা ঘটছেই। আমাদের দুর্বল পররাষ্ট্র নীতির কারণেই এ ধরনের ঘটনা বার বার ঘটছে।”
ডা. শফিকুর রহমান বলেন, “সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।” প্রেস বিজ্ঞপ্তি
এমবি





