আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উচ্চ আদালতে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করা এবং আবার পাসের বিষয়ে অর্থমন্ত্রী যা বলেছেন, সেটা সরকার বা আওয়ামী লীগের বক্তব্য নয়। এটি তার ব্যক্তিগত মতামত। আমরা উচ্চ আদালতের রায় নিয়ে ঠাণ্ডা মাথায় ভাবছি। আমাদের মত পরে জানানো হবে।

আজ রোববার রাজধানীতে মেট্রোরেলের চুক্তি সই অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, “অর্থমন্ত্রীর বক্তব্যের বিষয়টি অর্থমন্ত্রীকেই জিজ্ঞাসা করুন। বক্তব্য তার ব্যক্তিগত। আমরা দলীয়ভাবে এখনো কোনো বক্তব্য দেইনি। আমরা হুট করে কোনো বক্তব্য দিতে চাই না।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমরা বিষয়টি নিয়ে ঠাণ্ডা মাথায় চিন্তা-ভাবনা করছি। এখানে মাথা গরম করে কিছু করার কোনো সুযোগ নেই। ঠাণ্ডা মাথায় আমরা ভাবছি। যথাসময়ে আমরা আমাদের প্রতিক্রিয়া জানাব।

দুর্নীতির দুই মামলায় বেগম খালেদা জিয়ার ন্যায়বিচার পাওয়া নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংশয়ের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল বলেন, “বাংলাদেশে বিচার বিভাগ এখন স্বাধীনভাবে কাজ করছে। বেগম জিয়ার ন্যায়বিচার হবে কি হবে না এ নিয়ে অহেতুক সন্দেহ কেন? কারণটা কি? এখন আপনি অন্যায় করলে ন্যায়বিচার পাবেন কেমন করে।”

উল্লেখ্য, ষোড়শ সংশোধনী বাতিলের পর ওই রায়ের বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত শুক্রবার সিলেটে সাংবাদিকদের বলেন, ‘ষোড়শ সংশোধনী আবার পাস করা হবে এবং অনবরত করতে থাকব। দেখি জুডিশিয়ারি কত দূর যায়।’

অর্থমন্ত্রী এ সময় আরো বলেন, “মানুষের প্রতিনিধিদের ওপর (সংসদ সদস্য) তারা খবরদারি করবে? তাদেরকে আমরা চাকরি দেই।”

এমবি