বাকস্বাধীনতা হরণ ও সংবাদপত্রের কণ্ঠরোধে আরোপিত জাতীয় সম্প্রচার নীতিমালার প্রতিবাদ ও বাতিলের দাবিতে আগামী ১৯ আগস্ট ঢাকায় বিক্ষোভ মিছিল করবে ২০দল। এছাড়া, ১৬ আগস্ট গাজায় গণহত্যার প্রতিবাদে কালোপতাকা প্রদর্শন ও মৌন মিছিল করবে জোটের নেতাকর্মীরা।

রোববার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত হয়। সভা শেষে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য এসব বিষয় নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর থেকে ঢাকাসহ সারাদেশে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি।

এছাড়া, আগামী কোরবানির ঈদের আগেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া একাধিক জেলা সফরে যেতে পারেন বলে জানা গেছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে অংশ নেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তরিকুল ইসলাম, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ।

ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই