বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি নয়, দেশে যতবারই সামরিক শাসন এসেছে তা আওয়ামী লীগই এনেছে।

মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ডেমোক্রেসি ফোরাম আয়োজিত ‘উন্নয়নের পূর্ব শর্ত একটি গ্রহণযোগ্য নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফখরুল এসব কথা বলেন।

সম্প্রতি শেখ হাসিনা বলেছিলেন, ৫ জানুয়ারির নির্বাচন না করে বিএনপি দেশে সামরিক শাসন আনতে চেয়েছিল। এ প্রসঙ্গে ফখরুল এই মন্তব্য করলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ স্বাধীনতার পর যখনই ক্ষমতায় এসেছে তখনি তারা মুক্তিযোদ্ধাদের ইতিহাসকে পাল্টে দিয়েছে।

জনগণের অধিকার আদায়ের সংগ্রাম ব্যর্থ হলে এই রাষ্ট্র টিকবে না উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের পুনঃরুদ্ধার এবং হরণকৃত অধিকার ফিরিয়ে আনতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলন চলছে। এই অন্দোলন সফল হবেই।

তিনি বলেন, এই সংগ্রামের পথ অত্যন্ত কঠিন। গণতন্ত্র ও উন্নয়ন সবকিছুই সম্ভব হবে যদি ক্ষমতাসীন আওয়ামী সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা যায়। সভায় সভাপতিত্ব করেন এইচএম হারিসুল হক।

জেএ/জেআই