সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পরিত্যক্ত ও জরাজীর্ণ কারাগারে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, তার কোনো ক্ষতি হলে দায়ভার সরকারকেই নিতে হবে।

আজ (শনিবার) রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সিনিয়র নেতাদের বৈঠক থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের কাছে মির্জা ফখরুল এ অভিযোগ করেন। এরআগে সন্ধ্যা সোয়া ৭ টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বৈঠকে বসেন দলের সিনিয়র নেতারা।

মির্জা ফখরুল বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দলের সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার নির্দেশনা দিয়েছেন। একই সঙ্গে তিনি নিরপেক্ষ নির্বাচনের দাবিতে গণতান্ত্রিক অন্দোলন চালিয়ে যেতে বলেছেন।”

তিনি বলেন, “বিএনপি আগের যেকোনো সময়ের চেয়ে এখন ঐক্যবদ্ধ রয়েছে। মিথ্যা মামলায় দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে কারাদণ্ড দেয়ায় দেশবাসী সরকারকে ধিক্কার দিচ্ছে।”

বিএনপির এই নেতার অভিযোগ, “বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পরিত্যক্ত, জরাজীর্ণ কারাগারে একাকী রাখা হয়েছে। তাকে ডিভিশন দেয়া হয়নি।”

তিনি কারাবন্দি খালেদা জিয়াকে ডিভিশন না দেয়ার নিন্দা জানান এবং অবিলম্বে তার মুক্তির দাবি করেন।

মির্জা ফখরুল জানান, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘিরে সারাদেশে সাড়ে ৩ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তিনি সবাইকে নিঃশর্ত মুক্তির দাবি জানান।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকারবকশিবাজারের আলীয়া মাদ্রাসায় স্থাপিত ৫নং বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছর এবং তারেক রহমান’সহ বাকি ৫ আসামিদের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

এরপর রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনটিকে ‘সাবজেল’ ঘোষণা করে সেখানে রাখা হয়েছে তাকে। পুরনো কেন্দ্রীয় কারাগারের অফিস ভবনের মূল ফটক দিয়ে ঢুকে বামেই সিনিয়র জেল সুপারের যে অফিস কক্ষ ছিল, সেখানেই তাকে রাখা হয়েছে বলে জানিয়েছেন কারা কর্মকর্তারা।

বর্তমানে ওই কারাগারে আর কোনও বন্দি নেই। ২০১৬ সালের ২৯ জুলাই ভোর সাড়ে ৬টার থেকে শুরু করে সারাদিন রাজধানীর নাজিম উদ্দিন রোড থেকে সাড়ে ছয় হাজার বন্দিকে কেরানীগঞ্জে নবনির্মিত কারাগারে স্থানান্তর করা হয়। এরপর থেকে পুরনো কেন্দ্রীয় কারাগার বন্দিশূন্য ছিল।

দীর্ঘ ৩৬ বছরের রাজনৈতিক জীবনে এর আগে একবার কারাগারে যেতে হয়েছিল খালেদা জিয়াকে। ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে গ্রেফতার করা হয়। তখন জাতীয় সংসদ ভবন এলাকার স্পিকারের বাসভবনকে সাবজেল ঘোষণা দিয়ে সেখানে রাখা হয়েছিল তাকে। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর উচ্চ আদালতের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান।

এমবি