ছাত্রসমাজসহ সমগ্র দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ এক শুভেচ্ছা বার্তায় শিবির নেতৃবৃন্দ এই শুভেচ্ছা জানান।
এক যৌথ শুভেচ্ছা বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ সিরাজুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সালাহউদ্দিন আইউবী বলেন, ত্যাগ-কুরবাণীর মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আজহা আমাদের দ্বারে সমাগত। ত্যাগই ঈদুল আজহার মূল প্রেরণা। এই প্রেরণা আমাদেরকে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, পাপ-পঙ্কিলতা পরিত্যাগ করার শিক্ষা দেয়। ঈদুল আজহা আমাদেরকে ত্যাগ ও কুরবাণীর আদর্শে উজ্জীবিত হয়ে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বৈষম্য ও শোষণমুক্ত একটি কল্যাণকর সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য ত্যাগ স্বীকারে অনুপ্রেরণা যোগায়।
নেতৃবৃন্দ বলেন, দেশে এমন এক সময় ঈদুল আজহা উদযাপিত হতে যাচ্ছে যখন করোনা পরিস্থিতির কারণে অনেক মানুষ ব্যবসা-বাণিজ্যে ক্ষতিগ্রস্ত হয়ে, চাকুরী-কর্ম হারিয়ে মানবেতর জীবন যাপন করছে। অন্যদিকে আম্ফানের আঘাত ও ভয়াবহ বন্যার পানিতে ঘর-বাড়ি, ফসল তলিয়ে যাওয়ায় মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে। লক্ষ লক্ষ বিপদগ্রস্ত মানুষ সিমাহীন কষ্ট দূর্দশার মধ্যে দিনাতিপাত করছে।
এ অবস্থায় আমাদের সর্বোচ্চ ত্যাগের নজির স্থাপন করতে হবে। যার যার সামর্থ অনুযায়ী বিপদগ্রস্ত মানুষদের ঈদ উদযাপনে সহযোগিতা করতে হবে। ধনী-গরীব, রাজনৈতিক বিভেদ ভুলে পবিত্র ঈদকে সুখময় করে তোলাই হোক আমাদের প্রত্যয়। ঈদের আনন্দকে ঐক্যের সুদৃঢ় বন্ধনে পরিণত করে মুসলিম উম্মাহ সামনের দিকে এগিয়ে যাবে এটাই আমাদের কামনা।
দেশবাসীকে ছাত্রশিবিরের পক্ষ থেকে ঈদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। নেতৃবৃন্দ দেশবাসীর সুখ, সমৃদ্ধি ও প্রশান্তি কামনায় মহান আল্লাহর কাছে দোয়া করেন।
এএস





