নির্বাচন কমিশনকে (ইসি) ব্যর্থ মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা মনে করেছিলাম উপজেলা নির্বাচনে প্রতিষ্ঠানটি শক্তিশালী ভূমিকা পালন করবেন। কিন্তু এরইমধ্যে তারা প্রমান করেছেন জাতীয় নির্বাচনের ন্যায় উপজেলা নির্বাচনেও তারা ব্যর্থ হয়েছেন।
মঙ্গলবার সকালে শেরেবাংলা নগরস্থ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে জাতীয়তাবাদী তাঁতী দলের উদ্যোগে সংগঠনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মাজার জিয়ারত ও দোয়া অনুষ্ঠান শেষে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, সরকার নির্বাচন কমিশনের ব্যর্থতা ঢাকার জন্য সারা দেশে যৌথবাহিনী দিয়ে অভিযান চালিয়ে মানুষ হত্যা করছে। প্রকৃতপক্ষে সরকার যৌথবাহিনীর অভিযানের নামে বিরোধী মত দমনের খেলায় মেতে উঠেছে।  
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে বলেই যৌথবাহিনীর মাধ্যমে সারা দেশে ক্রসফায়ারের নামে মানুষ হত্যা করছে। আর এ কারণেই বুঝা যায় আওয়ামী লীগ আর গণতন্ত্র দুটি সম্পূর্ণ ভিন্ন শব্দ ও দর্শন।
এসময় তাঁতী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ তাঁতী দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, এমএইচ, ১৮ ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম) // কে বি [/b]