ভোলায় হিন্দু তরুণ বিপ্লব চন্দ্র বৈদ্যের ফেসবুক আইডি হ্যাক করে অন্য কেউ মহানবী সা: এর নামে কটূক্তির পোস্ট দিয়েছে- মর্মে যে কথা বলা হচ্ছে তাকে পরিকল্পিত কথা মনে করছেন হেফাজতে ইসলামের নায়েবে আমির ও ঢাকা মহানগর সভাপতি নূর হোসাইন কাসেমী। একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি।
তার মতে, যদি সত্যিই তার আইডি হ্যাক হতো তাহলে সাথে সাথেই তিনি থানাকে জানাতেন। যখন মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেছে তখন তিনি আত্মরক্ষার কৌশল হিসেবে থানায় জিডি করেছেন। চক্রান্তের অংশ হিসেবেই সেই পোস্ট দেয়া হয়েছে। আমরা স্থানীয়ভাবে খোঁজ নিয়ে মনে করছি, তিনি নিজেই এই চক্রান্ত করেছে, নিজেই পোস্ট দিয়েছে।
গত রোববার বোরহান উদ্দিন ঈদগাহ মাঠে হতাহতের ঘটনার জন্য প্রশাসন ও পুলিশকে দায়ী করে আল্লামা কাসেমী বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব ছিল জনগণকে তাদের আবেগ প্রকাশ করার সুযোগ দেয়া। তা না করে তারা বিঘ্ন সৃষ্টি করে গণ্ডগোল লাগিয়েছে। বাধা দিয়ে জনগণকে উত্তেজিত করেছে। উত্তেজিত করার পরেই পরবর্তী ঘটনাগুলো ঘটেছে। এই ঘটনায় পুলিশের গাফিলতি ছিল বলে মনে করেন তিনি।
হেফাজতের এই নেতা বলেন, ওই হিন্দু তরুণের ফেসবুক আইডি হ্যাক হওয়ার যে কথা এখন বলা হচ্ছে তা বাস্তবসম্মত নয়। এটা অবান্তর কথা। স্থানীয়ভাবে খোঁজখবর নিয়ে আমরা এই বিষয়টি জেনেছি। তারপরও আমাদের একটি প্রতিনিধিদল সরেজমিন তদন্ত করার জন্য ভোলা যাচ্ছে।
নূর হোসাইন কাসেমী আরও বলেন, বোরহান উদ্দিনে রোববার তৌহিদি জনতার যে সমাবেশ হয়েছে সেটা জনগণ ঈমানী দাবিতে উজ্জীবিত হয়ে সমবেত হয়েছিল। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হলো শান্তি রক্ষা করা। তারা শান্তি রক্ষা না করে জনগণকে বাধা দিয়েছে, জনগণকে উত্তেজিত করেছে। উত্তেজিত করার পরেই পরবর্তী ঘটনাগুলো ঘটেছে। আমি মনে করি, সেই ঘটনার জন্য প্রশাসন দায়ী, পুলিশ দায়ী।
তিনি বলেন, এমন অনেক প্রতিবাদ সমাবেশই হয়। কয়টিতে পুলিশকে এভাবে গুলি চালাতে হয়েছে। পুলিশ তো তৌহিদি জনতার প্রতিপক্ষ নয়। এ ক্ষেত্রে পুলিশের বড় ধরনের গাফিলতি ছিল এটা পরিষ্কার। এই ধরনের ঘটনায় শান্তি রক্ষার জন্য যেসব ব্যবস্থা নেয়ার দরকার ছিল পুলিশ তা নিতে ব্যর্থ হয়েছে; চক্রান্তও বলা যেতে পারে এটাকে।
তিনি স্পষ্ট করে বলেন, মন্দির বা অমুসলমানদের বাড়িঘর ভাঙচুর করা কোনো মুমিন-মুসলমানের কাজ হতে পারে না। আমরা এটা বিশ্বাস করি না। বরং এমন ঘটনা কেউ ঘটিয়ে থাকলে তাহলে দেশে সম্প্রীতি নষ্ট করার জন্য ঘটানো হয়েছে বলে মত দেন তিনি।
এএইচ





