আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জাতির পিতার মৃত্যু দিবসে যারা কেক কেটেআনন্দ উল্লাস করে তারা ক্রিমিনাল। তাদের কোন কর্মসূচী করতে দেওয়া হবে না।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মিলনায়তনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ আয়োজিত শোক দিবসের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিদেশী কয়েকটি দেশ মানবতার কথা বলে। গণতন্ত্রের কথা বলে। তারাই বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিয়েছে। এই বড় বড় দেশগুলো বলেন খুনিদের নাকি মানবতার কারণে আশ্রয় দিয়েছেন। কিসের মানবতা? কি রকম মানবতা? এই নরপিসাচদের জন্য আবার কিসের ক্ষমা?পবিত্র কুরআনেও আছে খুনিদের কখনো ক্ষমা হতে পারে না। তাই এই সকল দেশগুলোর কাছে আবেদন আপনারা এই খুনিদের ফেরত দেন। বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচার করা হবে।

নাসিম বলেন, জন্মদিনে কেক কাটা বাচ্চাদের কাজ। অথচ গতকাল রাতে খালেদা জিয়া ৭০তম জন্মদিন পালন করেছে। ৭০ বছরের বুড়ি জন্মদিনের কেক কাটে। এটাবিকৃত মানুষিকতার পরিচয়।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের এ প্রবীণ নেতা বলেন, আপনি কেন এবং কি কারণে জাতির পিতার জন্মদিনে আনন্দ উল্লাস করেন জানিনা। তবে আমাদের দেশের পাড়ায় কেউ মারা গেলে পাশের বাড়ীর লোকেরা তাদের শোকে রান্ন-বান্না করে না। আর জাতিকে যিনি জন্ম দিয়েছেন তার মৃত্যু দিবসে আপনি কি ভাবে কেক কাটেন?

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের উপাধ্যাক্ষ অধ্যাপক এমএ রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূইয়া ডাবলু, বঙ্গবন্ধু মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. জাহিদ হাসান, স্বাধীনতা চিকিৎক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আহসান প্রমুখ।

ঢাকা, ১৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ