২০ দলীয় জোটের উদ্যোগে সারাদেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক গুম দিবস দিবসটি পালিত হয়েছে।
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় ২০ দলীয় জোটের উদ্যোগে আন্তর্জাতিক গুম দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের শহীদ হাসান চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস।
কক্সবাজার : অবৈধ সংসদে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা ফিরিয়ে দেয়ার প্রতিবাদে ও আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে কক্সবাজারে মানববন্ধন করেছে বিএনপি। শনিবার দুপুরে শহরের শহীদ সরণীতে জেলা বিএনপি’র ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ঝালকাঠি : আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন করেছে ঝালকাঠি জেলা বিএনপি। শনিবার সকাল ১১টায় স্থানীয় ফায়ার সার্ভিস সড়কের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
মেহেরপুর : আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে মৌন মিছিল ও মানববন্ধন করেছে মেহেরপুরে জেলা বিএনপি। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে একটি মৌন মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নরসিংদী : আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে নরসিংদী জেলা বিএনপি’র উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার বেলা ১টায় নরসিংদী প্রেসক্লাব এলাকায় এ কর্মসূচি শুরু হয়।
শেরপুর : শেরপুর জেলা বিএনপি’র উদ্যোগে কেন্দ্রীয় বিএনপি’র কর্মসূচির অংশ হিসাবে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শনিবারের এই কর্মসূচিতে শেরপুর জেলা বিএনপি ও অঙ্গসংঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
টাঙ্গাইল : বিশ্ব গুম দিবস উপলক্ষে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ২০ দলীয় জোট। শনিবার সকালে টাঙ্গাইল জেলা বিএনপি’র উদ্যোগে আজ টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে।
চাঁদপুর : আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জে উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত এক পথ সভার আয়োজন করা হয়। শনিবার দুপুরে এই পথ সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপি‘র সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনূল হকের সভাপতিত্বে জেলা ও উপজেলা পর্যায়ের আরো ২০ দলীয় জোটের কয়েক শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





