জামায়াতে ইসলামীর ডাকে সারাদেশে দু’দফায় ৭২ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। প্রথম দফায় আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত চলবে এ হরতাল। দ্বিতীয় দফায় আগামী রোববার ও সোমবার দেশব্যাপী পালিত হবে এ হরতাল।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণার প্রতিবাদে এই হতরতালের ডাক দিয়েছে দলটি।

বুধবার রায় ঘোষণার পর দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে বৃহস্পতি, রবি ও সোমবার দেশব্যাপী এ হরতালের এ কর্মসূচি ঘোষণা করেন।

ওই বিবৃতিতে জামায়াত নেতারা বলেছেন, সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে দেশকে ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিতে চায়। দলকে নেতৃত্বশূন্য করার জন্য মতিউর রহমান নিজামীসহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার হরতাল পালন করবে তারা। শুক্রবারের কর্মসূচি হচ্ছে মতিউর রহমান নিজামীর মুক্তি ও সাবেক আমির গোলাম আযমের রূহের মাগফিরাত কামনায় দোয়াসহ সব নেতার জন্য দেশব্যাপী দোয়ার অনুষ্ঠান।

শনিবার মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে ও আটক সব নেতাদের নিঃশর্ত মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি। এরপর রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল পালন করা হবে।

বিবৃতিতে জানানো হয়, অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম বুধবার জনাকীর্ণ আদালতে এই রায় দেন।

মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসির রজ্জুতে ঝুলিয়ে দণ্ড কার্যকর করার আদেশ দিয়ে তিনি বলেন, ‘আদালত সম্মত হয়েছে যে, তিনি যে মাত্রায় হত্যা, গণহত্যা ঘটিয়েছেন, তাতে সর্বোচ্চ সাজা না দিলে তা হবে ন্যায়বিচারের ব্যর্থতা।’

নিজামীর বিরুদ্ধে ১৬টি অভিযোগের মধ্যে আটটি প্রমাণিত হয়েছে। এর মধ্যে চারটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এছাড়া বাকি চার অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

এআর