ফাঁসির দণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী ‘রাজনৈতিক প্রতিহিংসার’ শিকার হয়েছে দাবি করে তার দল বিএনপি বলেছে, তিনি ন্যায় বিচার পাননি।

বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র আসাদুজ্জমাান রিপন বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরী মৌলিক ও মানবাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। কারণ তিনি নিজেকে নির্দোষ প্রমাণে যেসব দালিলিক প্রমাণ উপস্থাপন করেছেন, সেগুলো বিবেচনায় নিলে হয়ত ন্যায়বিচার পেতেন, ফাঁসি হতো না। কিন্তু তাকে অপরাধী বিবেচনায় না নিয়ে, রাজনৈতিক বিবেচনায় নেওয়া হয়েছে। তিনি পারসিকিউশনের (প্রতিহিংসা) শিকার হয়েছেন।’

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়।

রিপন আরও বলেন, চিকিৎসা শেষ না করেই লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজনৈতিক সংকট বিবেচনা করে আগামী ২১ নভেম্বর, শনিবার বিকেল ৫টায় এমিরেট এয়ার লাইনসের একটি ফ্লাইটে দেশে ফিরবেন।

বিএনপির এই নেতা বলেন, ‘প্রতিবছর দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন কেক কেটে উদযাপন করা হলেও এবছর দিনটিতে কেক কেটে উদযাপন না করার জন্য বারণ করেছেন তারেক রহমান।’

কেক কেটে জন্মদিন উদযাপনের পরিবর্তে ২০ নভেম্বর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানান রিপন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা এম ওসমান ফারুক, সাংগঠনিক সসম্পাদক গোলাম আকবর খন্দকার, ফজলুল হক মিলন, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট নিতাই চন্দ্র রায়, সহ দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম প্রমুখ।

এমএইচ