বিএনপির নেতারাই পরিকল্পিতভাবে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীতে সিরডাপ মিলনায়তনে এক চুক্তি সই অনুষ্ঠান শেষে এসব কথা বলেন মন্ত্রী। বৃহত্তর রাজশাহী ও রংপুর অঞ্চলের পুরোনো ৩৫টি সেতু মেরামত ও নতুন করে নির্মাণের জন্য বাংলাদেশকে এক হাজার ৯০৫ কোটি টাকা দিচ্ছে জাপানের সাহায্য সংস্থা জাইকা। আজ জাইকার সঙ্গে এ বিষয়েই চুক্তি সই হয়।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি কাজে নয়, শুধু কথায় বিশ্বাস করে। আর জনগণ মুখের কথায় কাউকে ভোট দেয় না মন্তব্য করে তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য শুধু চোরাপথ খোঁজে বিএনপি।
ওবায়দুল কাদের বলেন, ‘কে হামলা করেছে, কীভাবে করেছে, এটা এখন পরিষ্কার। দিবালোকের মতো পরিষ্কার। অনুপ্রবেশ নয়, এটা পূর্বপরিকল্পিত জঙ্গি স্টাইলের হামলা। যে হামলা পারপেটরেট করেছে, মাস্টার মাইন্ড হচ্ছে বিএনপির নেতৃবৃন্দ। তাঁরাই করেছেন এটা।’
ক্ষমতাসীন দল হিসেবে দেশের স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব আওয়ামী লীগের উল্লেখ করে মন্ত্রী বলেন, তাই বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ কোনো ধরনের উসকানি দেবে না।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘সতর্ক থাকব, যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, যদি কোনো উসকানিমূলক কর্মকাণ্ড, নাশকতা, স্যাবোটেজ জাতীয় কিছু করা হয়, সহিংসতার যদি উপস্থিতি দেখা যায়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে উদ্ভূত পরিস্থিতির সমুচিত জবাব দেওয়া হবে।’
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় রায় যা-ই হোক না কেন, তা মেনে নেওয়ার জন্য বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় হাজিরা দিয়ে গত মঙ্গলবার বিকেলে খালেদা জিয়া গুলশানের বাসায় ফেরার পথে হাইকোর্ট এলাকায় বিএনপির কর্মীরা হামলা চালায় বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়।
প্রিজনভ্যানে উঠে পুলিশের হাতে আটক দুজনকে ছিনিয়ে নিয়ে যায় বলেও অভিযোগ করেন ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার।
এরপর পুলিশ ঘটনাস্থল থেকে ৬৯ জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় রমনা ও শাহবাগ থানায় বিশেষ আইনে ও পুলিশের ওপর হামলার অভিযোগে তিনটি মামলাও হয়েছে।
তবে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও প্রিজনভ্যান থেকে আটক দুই ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িতরা ‘অনুপ্রবেশকারী’ বলে মন্তব্য করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর বক্তব্যের পরিপ্রেক্ষিতেই আজ এসব কথা বলেন ওবায়দুল কাদের।
এমআর





