র‌্যাব আজ জনগণকে হত্যা করছে। বর্তমান অবৈধ সরকার দলীয়ভাবে র‌্যাবকে ব্যবহার করছে। গুম, খুন, অপহরণসহ নানা ধরনের অপরাধের সাথে জড়িয়ে র‌্যাব নিজেদের কলংকিত করেছে।

বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়া এসব মন্তব্য করেন। আজ (রোববার) বিকালে জয়পুরহাটের রামদেও বাজলা স্কুল মাঠে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, র‌্যাবকে বাতিল করা আজ গণ দাবিতে পরিণত হয়েছে। বিএনপির ইলিয়াস আলীসহ অসংখ্য গুম, অপহরণের সাথে র‌্যাব জড়িত বলে দাবি করেন তিনি।

খালেদা আরও বলেন, সাধারণ মানুষসহ গুম, খুন, অপহরণের দায়ে র‌্যাবকে একদিন জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। 

বিএনপি ক্ষমতায় আসলে র‌্যাবের বিকল্প বাহিনী গঠণ করা হবে-এমন মন্তব্য করে বেগম জিয়া আরও বলেন, র‌্যাব যে ধরনের খুনী বাহিনীতে পরিণত হয়েছে তাতে এই র‌্যাবকে এখনই বিলুপ্ত করতে হবে।

ঢাকা, ২২ জুন (টাইমনিউজবিডি.কম) // এসআর // কেবি