বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচনে ভারতের যাদের হাত রয়েছে তদন্ত কমিটির মাধ্যমে তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা উচিত। সুযোগ পেলে ভারতের নতুন পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজের কাছে এমন দাবি জানাবেন বলেও উল্লেখ করেন তিনি।
শনিবার সন্ধ্যায় রাজধানীর বিয়াম মিলনায়তনে বিবিসি বাংলাদেশ সংলাপে তিনি এ কথা বলেন। সংলাপের এ পর্বে প্যানেল আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান চৌধুরী, বিকেএমইএ’র সাবেক সভাপতি ফজলুল হক এবং রিচার্স ড্রাইরেক্টর অব সিপিডি ড. ফাহমিদা খাতুন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “বাংলাদেশে যে একটি অবৈধ সরকার গঠিত হয়েছে এর পেছনে ভারতের একটি রাজনৈতিক দলের ভূমিকা ছিল। তাই কাদের এ ভূমিকা ছিলো তা তদন্ত করে বের করে বিচার করার জন্য এ কথা বলা দরকার ছিল। আমি হলে সেটা বলতাম।”
‘বাংলাদেশে গণতন্ত্র নেই’ খালেদা জিয়ার এমন মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “এটা নিয়ে অভিযোগ করার কিছু নেই। কারণ এটা আজ সর্বজন স্বীকৃত যে বাংলাদেশে গণতন্ত্র নেই। কারণ গণতন্ত্রের যে পর্ব শর্ত জনগণের ভোটে নির্বাচিত সরকার তা বাংলাদেশে নেই।”
মশিউর রহমান বলেন, “নির্বাচনে কারচুপির জন্য তাদের কাছে তদন্তের কথা বললে, তাদের ওপর নির্ভরশীলতাই প্রকাশ পাবে।”
৫ জানুয়ারির নির্বাচনের পরের দুটি জরিপ ও নির্বাচনের ফলের তথ্য তুলে ধরে ড. মশিউর রহমান বলেন, “নির্বাচনের পর দুটো আন্তর্জাতিক প্রতিষ্ঠান জরিপ করে ফলাফল দিয়েছে যে, নির্বাচনে কারচুপির কোন প্রমান পাওয়া যায়নি। গণতন্ত্রের চর্চা করার জন্য অবশ্যই নির্বাচনে আসতে হবে, ভোট চাইতে হবে। কিন্তু তারা সেটা না করে অন্যের (ভারতের) কাছে নালিশ করছে।”
বিএনপি তার অতীত কার্যকলাপের কারণেই জনগণের কাছে যেতে পারছে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।
বিবিসি মিডিয়া অ্যাকশন ও বিবিসি বাংলা যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে। অনুষ্ঠানটি প্রযোজনা করেন ওয়ালিউর রহমান মিরাজ। সঞ্চালক ছিলেন আকবর হোসেন।
ঢাকা, ২৯ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ





