বন্যাদুর্গতদের ত্রাণ সহযোগিতা দিতে খুব শিগগিরই উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সফর করবে বিএনপির একটি প্রতিনিধি দল। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিনিধি দলের নেতৃত্বে দেবেন বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানায়, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার নির্দেশে উত্তরবঙ্গের কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জসহ আরো কয়েকটি জেলায় বন্যাদুর্গতদের মধ্যে প্রয়োজনীয় ত্রাণ সহযোগিতা পৌঁছে দিতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আগামী কয়েক দিনের মধ্যেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের সিনিয়র কয়েকজন নেতা ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ নিয়ে উত্তরবঙ্গে যাবেন। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে খালেদা জিয়ার পক্ষ থেকে ত্রাণ বিতরণ করবেন তারা।
এ ব্যাপারে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণের জন্য আগামী কয়েক দিনের মধ্যে বিএনপির একটি প্রতিনিধি দল উত্তরবঙ্গে যাবে। তবে প্রতিনিধি দলে কে কে থাকছেন সে বিষয়টি এখনো ঠিক হয়নি।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





