বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সবশেষ স্বাস্থ্য অবস্থা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) মেডিকেল বোর্ড যে রিপোর্ট তৈরি করেছে, তাতে পরিবর্তন করতে চাইছে সরকার এমন অভিযোগ করেছেন তার আইনজীবীরা।

বৃহস্পতিবার দুপুরে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বিএনপিপন্থী আইনজীবীরা।

জয়নুল আবেদীন বলেন, আদালত আজ আমাদের আর্জি আমলে নেননি, অ্যাটর্নি জেনারেলের কথা শুনেছেন। আমরা খালেদা জিয়ার জামিনের বিষয়ে আশাবাদী।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও সাবেক বার সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আইনজীবীর আর্জি আমলে নেননি আদালত। অ্যাটর্নি জেনারেলের কথার ওপর ভিত্তি করে আদেশ দিয়েছেন।

তিনি বলেন, আমরা এখনও বিশ্বাস করি দেশের সর্বোচ্চ আদালতের আদেশে খালেদা জিয়ার জামিন হবে।

আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলার জন্য অ্যাটর্নি জেনারেলকে দায়ী করে তিনি বলেন, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার কথা শুনে আদালতের একতরফা সিদ্ধান্তে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, আমরা সিনিয়র আইনজীবীরা তা সামাল না দিলে পরিস্থিতি কোন দিকে যেত তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

তিনি বলেন, রাষ্ট্রপক্ষের বাড়াবাড়িতে জুনিয়র আইনজীবীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। আমরা আদালতের প্রতি সম্মান রেখে তাদের নিবৃত্ত করার চেষ্টা করেছি।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

আর খালেদা জিয়ার পক্ষে ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার, খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন, এজে মোহাম্মদ আলী, মাহবুব উদ্দিন খোকন, সগীর হোসেন, ব্যারিস্টার মীর হেলাল, রুহুল কুদ্দুস কাজলসহ বিএনপির শতাধিক আইনজীবী।

এএস