রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার রাত ১১টার পর হঠাৎ করেই স্বাভাবিক পুলিশের তুলনায় বেশি সংখ্যক পুলিশ সেখানে অবস্থান নেয়। ধীরে ধীরে সেখানে সাদা পোশাকের পুলিশের সংখ্যাও বাড়তে থাকে।
এর আগে বিএনপি চেয়ারপারসনন বেগম খালেদা জিয়া রাত সাড়ে ৮টার দিকে কার্যালয়ে আসেন। তবে শনিবার রাতে দলের উল্লেখযোগ্য কোনো নেতা সেখানে আসেননি।
টাইম নিউজকে এ খবর নিশ্চিত করেছেন খালেদা জিয়ার প্রেস উংয়ের সদস্য সামসুদ্দিন দিদার।
অপর সদস্য শাইরুল কবির খান বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ম্যাডাম তার গুলশান কার্যালয়ে অবস্থান করছেন। তার গাড়ি মূল ফটকের সামনে আটকিয়ে রেখেছে পুলিশ সদস্যরা।
তবে গুলশান থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘অন্যকিছু ভাবার কিছু নেই। নগরীর নিরাপত্তার কারণেই খালেদা জিয়ার কার্যালয়ের সামনে দিয়ে পুলিশ টহল দিতে পারে।’
৫ জানুয়ারি নির্বাচনের এক বছর পূর্তিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন করার প্রস্তুতি নিচ্ছে। এর বিপরীতে ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করতে সর্বাত্মক প্রস্তুতি চলছে বিএনপিতে। ওই দিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ। অপর দিকে সোহরাওয়ার্দী উদ্যান, নয়া পল্টনের কার্যালয়ের সামনের সড়ক অথবা মতিঝিলের শাপলা চত্বর সমাবেশ করতে চায় বিএনপি। যেকোনো মূল্যেই জনসভা করার প্রত্যয় ব্যক্ত করেছে দলটি।
এএইচ





