বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের কঠোর সমালোচনা করে বলেছেন, উপজেলা নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে জনগণ আওয়ামী লীগকে বর্জন করেছে। তারা বলছে যাও বিদায় হও। জনগণ এ সরকারকে বিদায় জানিয়েছে।
বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৮ম কারাবন্দী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, ৫ জানুয়ারি নির্বাচন করার পর আওয়ামী লীগের  চামড়া মোটা হয়ে গেছে। এরা বেশরম ও নির্লজ্জ। এরা সেই নিবার্চন নিয়ে কথা বলছে যে নির্বাচনে ভোট কেন্দ্র কুকুর শুয়ে ছিলো। তারা এখন জোর গলায় কথা বলছে তারা নাকি ৫ বছর ক্ষমতায় থাকবে। তারা এটা জানে তারা ৫ বছর ক্ষমতায় থাকতে পারবে না।
মির্জা ফখরুল বলেন, দেশ এখন কঠিন সময় অতিক্রম করছে। আমাদের জাতীয়তা, গণতন্ত্র, স্বাধীনতা স্বার্বভৌমত্ব বিপন্ন। আওয়ামী লীগ সব দখল করে নিয়েছে। আমরা বিচার পাই না। এভাবে রাষ্ট্র চলতে পারে না। তারা এখন দেশকে ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে। এখন আমাদেরকে এর বিরুদ্ধে রুখে দাড়াতে হবে এবং প্রতিরোধ করতে হবে। আর তা না হলে কষ্টার্জিত স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করা যাবে না।
তরুণ ও যুবকরা বেওয়ারিশ লাশ হয়ে যাচ্ছে এই অভিযোগ করে তিনি বলেন, প্রতিনিয়ত যুবকদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তারপর তাদের গুম করা হচ্ছে, পরে এদের লাশ পাওয়া যাচ্ছে।
গত তিন মাসে সারা দেশে ৬১জনকে গুম করা হয়েছে। শুধু ঢাকায় গুম করা হয়েছে ২২জন নেতাকর্মীকে।
মির্জা ফখরুল বলেন, সরকার অস্ত্রের জোরে ক্ষমতায় চিরস্থায়ীভাবে থাকতে চায়। গণতন্ত্রের লেবাস ও আলখেল্লাহ পড়ে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে আওয়ামী লীগ। এরা গণতন্ত্রকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে। বাকশালী নিয়ন্ত্রণ এখন গণতন্ত্রের ঘাড়ে চেপে বসেছে।
আজকের এই অপশক্তিই সে দিন তারেক রহমানকে কারাবন্দী করেছিলো বলেও মন্তব্য করেন ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, তারেক রহমান এখন নির্বাসিত। তার দেশে ফেরার  কোনো পরিবেশ নেই।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ বলেন, হীরের খনির ওপর একটি দানব শুয়ে আছে। এই দানবকে সরাতে হবে। এদেশের মানুষের ইচ্ছার দাম নেই এই সরকারের কাছে। দাম আছে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও রাহুল গান্ধীর।
দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব বিপন্ন হয়ে পড়েছে মন্তব্য করে তিনি আরও বলেন, সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে দেশ ও স্বাধীনতাকে দূর্বল করে দেয়া হচ্ছে। তারা দিল্লীর চশমা পড়ে বিশ্ব দেখবে তাই তারেক রহমানের ওপর নির্যাতন করা হয়েছে।

অধ্যাপক ড. পিয়াস করিম বলেন, দেশ ইতিহাসের চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। নব্য বাকশালী শাসন কায়েমে দেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে। কারণ আজ দেশের নীতি ‘নির্ধারন’ হয় প্রতিবেশি একটি দেশের রাজধানীতে বসে। এজন্য দেশ স্বাধীন হয়নি, শহীদেরা রক্ত দেয়নি।
বিজেপি চেয়ারম্যান ব্যারিষ্টার আন্দালিব পার্থের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গাজী মাযাহারুল আনোয়ার, মানবাধীকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শিমুল বিশ্বাস প্রমুখ।
ঢাকা, এমএইচ, ৬ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এসআর