ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দের সঙ্গে ৩য় দফা বৈঠকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া শিগগিরই তারুণ্য নির্ভর নতুন কমিটি দেওয়ার আশ্বাস দিয়েছেন।

বৃহস্পতিবার রাতে ছাত্রদলের সঙ্গে বৈঠকের সময় খাালেদা জিয়ার বক্তব্যে এমন আভাসই মিলেছে। বৈঠকে উপস্থিত ছাত্রদলের একাধিক কেন্দ্রীয় নেতা টাইমনিউজবিডি.কমকে এমন তথ্য জানান।

গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে রাত সোয়া ৮ টায় শুরু হওয়া এই বৈঠক চলে রাত সোয়া ১টা পর্যন্ত। এসময় প্রায় ৪০ জন ছাত্র নেতা তাদের মতামত তুলে ধরেন।
সবার মতামত শোনার পর খালেদা জিয়া তার বক্তব্যে বলেন, সারা বিশ্ব এখন তরুণদের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। তাই ছাত্রদলও আগামী দিনে মেধাবী ও তরুণদের নেতৃত্বে এগিয়ে যাবে। আর এ জন্য ছাত্রদলকে সংগঠিত করে এদেশের ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করে মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র রক্ষার আন্দোলনকে সফল করতে হবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব শাখাতেই তারুণ্য ও মেধাবীদের অগ্রাধিকার দেওয়া হবে। ঢাকা বিশ্বদ্যালয়সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর হল কমিটি নিয়মিত ছাত্রদের দিয়ে করা হবে।  তাদের দিয়েই ছাত্র সমাজের অধিকার আদায়ের আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করা হবে বলেও  জানান বিএনপির চেয়ারপারসন।

তিনি আরও বলেন, তোমরা যারা দীর্ঘদিন ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত, তাদের হতাশ হওয়ার কিছুই নেই। তোমাদেরকে যুবদল, স্বেচ্ছাসেবকদলে স্থান দেয়া হবে।
বিএনপি চেয়ারপারসন বলেন, সবার মতামত নেওয়ার পর আমরা যে কমিটি করে দিব সবাইকে সেটা মেনে কাজ করতে হবে। যারা বিদ্রোহ বা দলের বিরুদ্ধে অবস্থান নিবে তারা ভবিষ্যতে আর কোনো দিন রাজনীতিতে পদ পাওয়ার আশা কর না।

সরকার বিরোধী আন্দোলন প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, আমাদের আন্দোলন চলমান। তবে দিনক্ষণ ঠিক করে আন্দোলন হয় না। কিন্তু দেশের যা অবস্থা সে জন্য খুব বেশিদিন এই সরকারকে সময় দেয়া যাবে না। এজন্য তোমাদের প্রস্তুতি নিতে হবে। আগামী দিনের আন্দোলনে ছাত্রদলকেই দায়িত্ব নিতে হবে। এর মাধ্যমে এই অত্যাচারী, জালিম সরকারকে বিদায় করতে হবে।

তিনি বলেন, শুধু ছাত্রদল নয় আগামীতে দলের সব কমিটিই হবে তারুণ্য ও মেধাবীদের দিয়ে। যারা বিগত দিনে সাহসের সঙ্গে রাজপথে ছিল তাদের মূল্যায়ন করা হবে।
বৈঠকে বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধূরী এ্যানী, সহ-ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল, সাধারন সম্পাদক হাবিবুর রশিদ হাবিব, সিনিয়র সহ-সভাপতি বজলুল করিম চৌধূরী আবেদ, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক নাসির, সাংগঠনিক সম্পাদক রাজিব হাসান, যুগ্ম সম্পাদক আকরামুল হাসান, দফতর সম্পাদক নাজমুল হাসানসহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাথার নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, এর আগে গত ২০ ও ২৪ আগস্ট ছাত্রদলের নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন খালেদা জিয়া। প্রথম দফায় ২০ আগস্টের বৈঠকে বেগম জিয়া ছাত্রদলের ৪০ জন নেতাকর্মীদের বক্তব্যে শুনেছিলেন এবং ২য় দফায় ২৪ আগস্ট সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আরও অর্ধশতাধিক নেতার বক্তব্যে শোনেন।

ঢাকা, এমএইচ, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ