বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে.জে.মাহবুবুর রহমান বলেছেন, সিটি নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে দেশে অনেক ষড়যন্ত্র চলছে। মানুষ দেখতে চায় দৃশ্যমান সেনাবাহিনী। আমরা আইওয়াশের সেনা দেখতে চাই না, বাংলাদেশের সংকট গণতন্ত্র এবং আইনশৃংখলার সংকট এই সংকটকে সেনাবাহিনী দৃশ্যমান থেকে মোকাবেলা করতে হবে।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত ‘খালেদা জিয়ার গাড়ী বহরে হামলা কারীদের গ্রেফতার এবং মির্জা ফখরুলসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবীতে এক মানবন্ধনে তিনি এসব কথা বলেন।

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে কমিশনারদের নষ্ট হয়ে যাওয়া ভাবমুর্তি ফিরে পাবার বিরাট সুযোগ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

মাহবুবুর রহমান বলেন, জনগণ জেগে উঠেছে। যারা ৫ জানুয়ারি নির্বাচনে ভোট দিতে পারেনি তারা এই নির্বাচনে প্রতিশোধ নিতে চায়। কিন্তু সরকার সেটা বুঝতে পেরে আগের অবস্থা সৃষ্টি করতে চাচ্ছে। এমন অবস্থায় নির্বাচন কমিশনকেও বুঝতে হবে এটা তাদের নষ্ট হয়ে যাওয়া ভাবমুর্তি ফিরে পাবার বিরাট সুযোগ।

বেগম খালেদা জিয়াকে টার্গেট করে গুলি করা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, খালেদা জিয়া যেখানেই প্রচার করতে বের হচ্ছেন, তার উপর অতর্কিত হামলা করা হচ্ছে। এমনকি তাকে মেরে ফেলার জন্য গুলি করা হচ্ছে। জনগণ জানে এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে। কিন্তু নির্বাচন কমিশন জানার পরও কোন পদক্ষেপ গ্রহন করছে না। সকল কিছুর জন্য দায়ী এই কমিশন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়াপারসনের উপদেষ্টা ব্যারিষ্টার হায়দার আলী, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কৃষকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শাজাহান মিয়া সম্রাট।

এমএ/ এআর