নির্বাচনের নামে বিএনপি কোনো প্রহসনে অংশ নেবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বৃহস্পতিবার রাজধানীতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় গণতান্ত্রিক দল (জাগপা) আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, অনেকেই আমাদের প্রশ্ন করেন, আপনারা নির্বাচনে যাবেন নাকি? আরে, আমরা যদি নির্বাচনে না-ই যেতে চাই, তাহলে আমরা কেন নিরপেক্ষ সরকারের দাবি করি? আমরা কেন খালেদা জিয়ার মুক্তি দাবি করি?

তিনি বলেন, আমরা কেন সংসদ ভেঙে দেয়ার কথা বলি। এই প্রত্যেকটি দাবিই তো সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য প্রয়োজনীয় বলেই আমরা মনে করি। এখন সরকার যে রকম কায়দায় ইউনিয়ন পরিষদের নির্বাচন, পৌরসভা নির্বাচন, উপজেলা নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন করছে; সেই কায়দায় নির্বাচন হবে। যদি বলেন সেই কায়দায় যাবেন নাকি? না যাব না। কেননা নির্বাচনের নামে কোনো প্রহসনে আমরা অংশ নিতে রাজি নই।

জাগপা’র সহসভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ এর মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া প্রমুখ।

এমআর