ছাত্রদলের ঘোষিত নতুন কমিটি বিলুপ্ত করে বিএনপি নেতা এ্যানী-টুকুকে দল থেকে অব্যাহতি দেয়ার দাবিতে সংগঠনের বিদ্রোহীদের ২৪ ঘণ্টার আলটিমেটাম শেষ না হতেই ফের বিক্ষোভে নেমেছে তারা।
বুধবার দুপুর সাড়ে তিনটার দিকে তারা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের বিদ্রোহীরা বিক্ষোভ মিছিল করেছেন। এসময় তারা কমিটি প্রত্যাখ্যান করে স্লোগান দেন। এতে নেতৃত্ব দেন রাকিবুল ইসলাম রয়েল, তারিকুল ইসলাম টিটু।
একই দাবিকে মঙ্গলবারও তারা বিক্ষোভ করেন। তখন দাবি মেনে নিতে দলের হাইকমান্ডকে এক দিনের সময়সীমা বেঁধে দেন। এসময়ের মধ্যে ইতিবাচক পদক্ষেপ না নেওয়া হলে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচির ঘোষণা দেবেন তারা। তবে আলটিমেটামের সময় শেষ হওয়ার আগেই তারা ফের বিক্ষোভে নামলেন।
গত ১৪ অক্টোবর রাজিব আহসানকে সভাপতি ও আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর থেকেই ওই কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ করে আসছে ‘বিদ্রোহী’ এসব নেতা-কর্মীরা। একই সঙ্গে তারা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সহ-ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি করছেন।
দুই মাসেরও বেশি সময় ধরে আন্দোলনে থাকা এই নেতাকর্মীরা নতুন কমিটির সঙ্গে সংঘর্ষেও জড়িয়ে পড়ে। বিদ্রোহী নেতাকর্মীরা গত ৭ নভেম্বর রাজধানীর নভোথিয়েটারের সামনে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর গাড়িতে হামলা চালায়।
এই পরিস্থিতিতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রদলের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন এবং প্রাক্তন সহ-সভাপতি আবু সাঈদকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদও সংগঠনটির বর্তমান কমিটির যুগ্ম-সম্পাদক গাজী রেজওয়ানুল হক রিয়াজকে বহিষ্কার করে। একই সঙ্গে সাতজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
জেআই





