বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল উদ্বোধনের অপেক্ষায়। শনিবার সকাল ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ কাউন্সিলের উদ্বোধন করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

ইতোমধ্যে কাউন্সিল, ডেলিগেটরা আসতে শুরু করেছেন। শনিবার সকাল থেকেই তারা আসতে শুরু করেন। আমন্ত্রিতরা মঞ্চের সামনে নিজ নিজ সংরক্ষিত আসনে বসছেন।

ভেন্যু, মূল ফটকের সামনে দীর্ঘ লাইনে আমন্ত্রিতদের অপেক্ষা করতে দেখা যায়। স্বেচ্ছাসেবিরা তাদের নিজ নিজ দায়িত্ব পালনে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

 বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত আছেন- ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হানান শাহ, ড. ওসমান ফারুক, মেজর জেনারেল(অব.) রুহুল আলম চৌধুরী, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আলতাফ হোসেন চৌধুরী, অ্যাডভোকেট তৈয়মুর আলম খন্দকার, জেবা খান, আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, কাজী আসাদুজ্জামান, মাসুদ আহমেদ তালুকদার, শ্যামা ওবায়েদ প্রমুখ।

ছাত্রনেতাদের মধ্যে উপস্থিত আছেন-সুলতান সালাহ উদ্দিন টুকু, আবদুল কাদের ভুইয়া জুয়েল, হাবীবুর রশিদ হাবীব, বিএম নাজিম মাহমুদ, বায়েজিদ আরিফিন প্রমুখ।

২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের পর দল পুনর্গঠন করে বিএনপি। ২০০৯ সালের জুন মাসে একসঙ্গে ৭২টি সাংগঠনিক জেলা কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি করা হয়। ওই বছর ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয় পঞ্চম জাতীয় কাউন্সিল। পরের বছর জানুয়ারিতে গঠন করা হয় ৩৮৬ সদস্যের জাতীয় নির্বাহী কমিটি।

 তিন বছর মেয়াদি কমিটির সময় আড়াই বছর আগেই শেষ হয়েছে। এর আগে দুই দফা কাউন্সিল করার প্রস্তুতি নিলেও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে শেষ পর্যন্ত সম্ভব হয়নি।

১৯৭৮ সালে ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠার পর প্রথম কাউন্সিল হয়। দ্বিতীয় কাউন্সিল হয় ১৯৮২ সালের ফেব্রুয়ারিতে। আর এর আট বছর পর ১৯৮৯ সালের ৮ ও ৯ মার্চ অনুষ্ঠিত হয় দলটির তৃতীয় কাউন্সিল। ১৯৯৩ সালের ১, ২ ও ৩ সেপ্টেম্বর বিএনপি চতুর্থ কাউন্সিল করে। সর্বশেষ ২০০৯ সালের ৮ ডিসেম্বর হয় পঞ্চম কাউন্সিল।

বিএনপির ষষ্ঠ কাউন্সিলকে কেন্দ্র করে ইতোমধ্যে দলের চেয়ারম্যান পদে খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমান তিন বছরের জন্য বিনা প্রতিদ্বিতায় নির্বাচিত হয়েছেন।

দলের স্থায়ী কমিটি, মহাসচিবসহ নির্বাহী কমিটি গঠন করা হবে কাউন্সিলের মাধ্যমে। এছাড়া দলীয় গণতন্ত্রে কিছু সংশোধনী আনা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলাকালে এ সিদ্ধান্ত হয়ে বলে জানান তিনি। বৈঠক শুরুর কিছুক্ষণের মধ্যে তিনি সাংবাদিকদের জানান, দলীয় গণতন্ত্রে কিছু সংশোধনী প্রস্তাব আনা হয়েছে। তা কাউন্সিলে অনুমোদন হলে দলীয় গঠণতন্ত্রে সংশোধনীর আকারে গৃহীত হবে।

কাউন্সিল অধিবেশনের ভেন্যু ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরের পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানের একাংশ ব্যবহারেরও অনুমতি পেয়েছে বিএনপি।

এসটি