বিশিষ্ট শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহবুবউল্লাহর উপর দুর্বৃত্তদের হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।
শনিবার এক বিবৃতিতে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এই প্রতিবাদ জানান।
ডা. শফিকুর রহমান বলেন, “আজ সুপ্রীম কোর্ট অঙ্গনে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহবুবউল্লাহর উপর দুর্বৃত্তরা হামলা করেছে। এ ন্যাক্কার জনক ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। ড. মাহবুবউল্লাহ কোন রাজনৈতিক ব্যক্তি নন, একজন বুদ্ধিজীবী এবং শিক্ষাবিদ হিসেবে তিনি দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার উপর হামলার মাধ্যমে দেশের শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের উপর হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, এ সরকারের হাতে দেশের কোন নাগরিক নিরাপদ নয়। দেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গনে এ ধরণের ঘটনা প্রমাণ করে দেশে আইনশৃঙ্খলা বলতে কিছু নেই। মানুষের জান মালের নিরাপত্তার কোন নিশ্চয়তা নেই।
তিনি আরও বলেন, ড. মাহবুবউল্লাহর উপর হামলার দায়ভার এ সরকার কিছুতেই এড়াতে পারেন না।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারী দুর্বৃত্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান জামায়াত সেক্রেটারি।
ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





