ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন আবদুল আউয়াল মিন্টু, নাসিরউদ্দিন আহমেদ পিন্টুসহ তিন মেয়র প্রার্থী।

নির্বাচন কমিশন কর্তৃক বাতিল হওয়া মনোনয়নপত্রের বৈধতা চেয়ে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অফিসে এ আপিল করেন তারা। বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টু।

এদের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টু ঢাকা উত্তরের প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। আর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন আহম্মেদ পিন্টু মনোনয়নপত্র দিয়েছিলেন ঢাকা দক্ষিণে।

এর আগে ঢাকা সিটি দক্ষিণে মেয়র পদে বাতিল হওয়া মনোনয়নপত্রের বৈধতা চেয়ে আপিল করেছেন রেজাউল করিম।

বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, মেয়র পদে তিনজনসহ কাউন্সিলর পদের মনোনয়নপত্র বাতিল হওয়া ২২ জন আপিল করেছেন।

বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমান আগামী ৪ এপ্রিল বিকাল সাড়ে ৪টার পর আপিল শুনানি করবেন।

মিন্টুর ছেলে তাফসির আউয়াল সাংবাদিকদের বলেন, “বাবার পক্ষে আপিল আবেদন জমা দেওয়া হয়েছে। শনিবার শুনানি হবে।”

বুধবার মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে মিন্টুসহ দুই মেয়র পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন উত্তরের রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম।

প্রার্থীর সমর্থনকারী আব্দুর রাজ্জাক উত্তর সিটি করপোরেশনের ভোটার না হওয়ায় মিন্টুর মনোনয়নপত্র বাতিল করার কথা জানান রিটার্নিং কর্মকর্তা।

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মিন্টুর মনোনয়নপত্র বাতিল হলেও উত্তরে তার বড় ছেলে তাবিথ আউয়ালের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

পিলখানা হত্যাকাণ্ডের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পিন্টুর মনোনয়নপত্র বিাতিল হয় মামলা সংক্রান্ত ‘সঠিক তথ্য’ না দেওয়ায়।

আর আয়কর রিটার্নের নথি জমা দিতে ব্যর্থ হওয়ায় রেজাউল করিম চৌধুরীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ।

বাছাইয়ের পর মেয়র পদে ঢাকা উত্তরে ১৯ জন, দক্ষিণে ২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ করেছে রিটার্নিং কর্মকর্তা।

নির্বাচন কর্মকর্তারা জানান, মনোনয়নপত্র বাতিল হলে বাছাইয়ের পর তিন দিনের মধ্যে আপিলের বিধান রয়েছে। আপিল কর্তৃপক্ষ তিন দিনের মধ্যে তা নিষ্পত্তি করবে।

তফসিলে ৯ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময় রেখেছে নির্বাচন কমিশন। আপিল নিষ্পত্তি শেষে মনোনয়নপত্র প্রত্যাহারের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে ২৮ এপ্রিল ঢাকা ও চট্টগ্রামের তিন সিটিতে ভোট হবে।

জেএ/এএইচ