বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকে দেশব্যাপী আগামীকালের শান্তিপূর্ণ হরতালে বাধা না দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান বলেছেন, এই হরতাল কর্মসূচিকে বানচাল করতে সরকার হিংস্রতার চরম মাত্রায় উপনীত হয়েছে।
রবিবার সন্ধ্যায় দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আগামী কালেল হরতালকে সামনে রেখে তল্লাশীর নামে নেতাকর্মীদের বাড়ী বাড়ী গিয়ে নির্যাতন নিপীড়ণ ও হয়রানী করছে। বিরোধী দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের এবং পাইকারী হারে গ্রেফতার করা হচ্ছে। রবিবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৭০জন নেতাকর্মীকে আটকের কথা জানান তিনি।
এ সময় তিনি আটককৃতদের মুক্তি দাবী করে বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে জণগনকে বৃহত্তর আন্দোলনে ঠেলে দিবেন না।
সহিংসতা ও নৈরাজ্য হলে খালেদা জিয়াকে রেহাই দেয়া হবে না প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান বলেছেন, ফ্যাসিবাদী আচরণের জন্য শেখ হাসিনাকেই আগামীতে জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে।
হজ্বযাত্রীবাহী যানবাহন, লাশবাহী গাড়ী, এ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড, ঔষুধের দোকান, হোটেল-রেস্তোরা হরতাল ও গণমাধ্যমের কর্মীদের ব্যবহারকারী গাড়ী হরতাল কর্মসূচির আওতামুক্ত থাকবে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন ও শামীমুর রহমান শামীম, নির্বাহী সদস্য বেলাল আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, ব্রিফিং চলার সময়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যলয়ের আশপাশে কয়েকটি ককটেল বিষ্ফোরেনর শব্দ পাওয়া যায়। এ সময় বিএনপির অফিসের সামনে অবস্থানরত আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যদের তৎপর হতে দেখা যায়।
ঢাকা, এমএইচ, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম





