বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আইনগত সহায়তা করার ব্যাপারে আইনজীবীদের মিটিংয়ে পুলিশ ঘেরাও করেছিল বলে অভিযোগ করেছেন সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া যেন আইনগত সহায়তা না পায়, সেজন্য আইনজীবীদের মিটিং পুলিশ ঘেরাও করে রেখেছিলো।

সুপ্রীমকোর্টের বার ভবনে ল’ রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদেরকে এসব কথা বলেন তিনি।

খোকন বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিরুদ্ধে আইনগত সহায়তা দেয়ার বিষয়ে গতকাল বিচারপতি টিএইচ খানের বাসায় সুপ্রীম কোর্টের সভাপতিসহ সিনিয়র আইনজীবীরা আলোচনা করছিলেন। এমতাবস্থায় র‌্যাব, পুলিশ, ডিবির লোকেরা আইনজীবীদেরকে প্রায় ৫ ঘন্টা অবরুদ্ধ করে রেখে আতঙ্ক সৃষ্টি করেছে।

তিনি বলেন, দেশের আইনজীবীরা আতঙ্কিত হয়েছে যে, তারা তাদের মক্কেলদেরকে আইনগত সহায়তা দিতে পারবে কি না।

এ বিষয়ে তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়ে সরকারের নিকট এ ঘটনার ব্যাখ্যা চান খোকন।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট্র মামলার বিষয়ে তিনি বলেন, এই মামলায় খালেদা জিয়ার কোন সম্পৃক্তা নেই।

খোকন বলেন, ১/১১ এর সময় শেখ হাসিনা ও খালেদা জিয়ার বিরুদ্ধে মাইনাস টু ফর্মূলা বাস্তবায়নের জন্য মামলা দেয়া হয়েছিল। পরবর্তীতে শেখ হাসিনার মামলা প্রত্যাহার করা হলেও খালেদা জিয়ার মামলা প্রত্যাহার করা হয়নি।

দুদক সরকারের নির্দেশে খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য এসব মামলা দায়ের করেছে বলেও অভিযোগ করেন খোকন।

উল্লেখ্য, খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে আইনগত সহায়তা প্রদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য গতকাল সন্ধ্যায় মোহাম্মদপুরে বিচারপতি টিএইচ খানের বাসায় বিএনপিপন্থী সিনিয়র আইনজীবীরা মিটিংয়ে বসেছিলেন। সেসময় আইনশৃংখলা বাহিনীর সদস্যরা তাদেরকে প্রায় ৫ ঘন্টা অবরুদ্ধ করে রাখেন।

কেএইচ