ছাত্রদলের নতুন কমিটির বিরোধিতা করে বিক্ষোভ অব্যাহত রয়েছে। শুক্রবার ও নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছে দলের পদবঞ্চিত নেতাকর্মীরা।

এ সময় ছাত্রদলের নতুন কমিটিতে পদবঞ্চিত নেতারা তাদের অনুস‍ারীদের নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল নাইটি এঙ্গেল মোড় ঘুরে কেন্দ্রীয় কার্যালয়ের ‍সামনে এসে শেষ হয়। ব্যানার নিয়ে কয়েকশ নেতাকর্মী সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশ নেন।

এ সময় মিছিল থেকে স্লোগান দেওয়া হয়, ‘এ্যানি-টুকুর চামড়া তুলে নেব আমরা। এ্যানি-টুকুর মিশন শেখ হাসিনার ভিশন। পকেট কমিটি মানি না, মানবো না। । হৈ হৈ রৈ রৈ টুকু এ্যানি গেলি কই।’

এর আগে শুক্রবার সকাল থেকেই বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের স‍ামনে সমবেত হন পদ বঞ্চিত নেতারা।

ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক (টুকু-আলিম কমিটির) আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, সরকারের এজেন্ট হিসেবে অথর্ব লোক দিয়ে কমিটি গঠন করা হয়েছে। আমরা অবৈধ কমিটি মানি না, মানবো না। ছাত্রদলকে দালাল মুক্ত করে সংগঠনকে বাঁচাতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি আমাদের আহ্বান -আপনারা আমাদের সেন্টিমেন্টকে ধারণ করে ছাত্রদলকে বাঁচাতে অবিলম্বে একটি সুন্দর ও গ্রহণযোগ্য কমিটি গঠন করুন।

সাবেক কমিটির সহ-সভাপতি আবু সাঈদ বলেন, ছাত্রদল দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতে পারে না। নেত্রী (খালেদা জিয়া) সকলের সঙ্গে আলোচনা করে এ অচলাবস্থা দূর করতে একটি কমিটি দিতে চেয়েছিলেন। কিন্তু সরকারের দালাল এজেন্টরা অর্থের বিনিময়ে নিজেদের পকেট কমিটি দিয়েছে। এ কমিটি আমরা মানি না, মানবো না।

সাঈদ বলেন, অবিলম্বে এ কমিটি বাতিল করে নতুন কমিটি না দেওয়া হলে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি ঘোষণা করব।

বিক্ষোভে অংশ নেন- আবু সাঈদ, জাভেদ হাসান স্বাধীন, আনিসুর রহমান তালুকদার খোকন, তরুণ দে, কামাল আনোয়ার আহমেদ, রাশেদুল ইসলাম তালুকদার রাজু, শহীদুল্লাহ ইমরান, ফেরদৌস আহমেদ মুন্না, মশিউর রহমান মিশু, তরিকুল ইসলাম টিটু ও নূরুজ্জামান মুকিত লিংকন, মাহবুবুল আজম, মনিরুল ইসলাম সোহাগ, এম কামরুজ্জামান, আব্দুল মান্নান ফরহাদ, আহসানুল হক রুবেল, রাকিবুল ইসলাম রয়েল, সাঈদ ইকবাল টিটু, রফিকুল ইসলাম রফিক, এমরান হোসেন মানিক, শামসুজ্জোহা সুমন ও জসীম উদ্দিন খান।

প্রসঙ্গত, রাজিব আহসানকে সভাপতি ও আকমরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে মঙ্গলবার রাতে ২০১ সদস্যবিশিষ্ট ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকেই কমিটিতে পদ না পাওয়া নেতারা ধারাবাহিকভাবে প্রতিবাদ জানিয়ে আসছে।

এমএইচ