বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের সমন্বয়কারী (অব.) ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ বলেছেন, আমাদের দলীয় প্রার্থীদের পদে পদে বাধা দেয়া হচ্ছে, সন্ত্রাসীরা হুমকি দিচ্ছে। নির্বাচন কমিশনকে বলার পরেও তারা কিছুই করতে পারছেন না।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন করতে হলে নির্বাচন কমিশন ও সরকারকে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এসময় দলের ভাইস চেয়ারম্যান আলাতফ হোসেন চৌধুরী, বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত ছিলেন।

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহবান জানিয়ে হান্নান শাহ বলেন, সিটি করপোরেশন নির্বাচনের আমাদের প্রার্থীরা অনেক শক্তিশালী। কিন্তু তাদের দমিয়ে রাখা হচ্ছে। সরকার বুঝতে পেরেই নানা ভাবে তাদের দমিয়ে রাখার পায়তাঁরা করছে।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, নির্বাচনের জন্য দক্ষিণের ৫৭টি ওয়ার্ডে ৮টি কমিটি গঠন করা হবে। যে কমিটি নির্বাচন মনিটরিং করবে। কমিটির সদস্যরা নির্বাচনের ভোট গণনা পর্যন্ত তাদের মনিটরিং চালিয়ে যাবেন।

বাংলা নববর্ষের দিনে টিএসসি মোড়ে যৌন কেলেঙ্কারির সঙ্গে জড়িতরা ছাত্রলীগ কর্মী দাবি করে তিনি তাদের গ্রেফতারের দাবি জানান।

এআর