জিয়া পরিবার নিয়ে সরকারের মন্ত্রীদের দেয়া সম্প্রতি বক্তব্যের কঠোর সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা জিয়াউর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা তথ্যের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করবেন আর দেশের জনগণ তা দেখে তামাশা করবে সেটি ভাববেন না। ইট মারলে পাটকেল খেতেই হবে।
বুধবার বিকালে জাতীয় প্রেসক্লাবে ২০ দলীয় জোট ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে দেয়ার আইন প্রণয়নের প্রতিবাদে ২০ দলীয় জোট ঢাকা মহানগর এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
তিনি আরও বলেন, পাটকেল খেয়ে সরকারের মন্ত্রীরা বেসামাল হয়ে পড়েছেন। কিন্তু আগেই চিন্তা করা উচিত ছিল যে জিয়া পরিবারের বিরুদ্ধে কটুক্তি করে পার পাওয়া যাবে না।
মির্জা ফখরুল বলেন, যে সরকার দেশের জনগনের প্রতিনিধিত্ব করে না সেই অবৈধ সংসদ গঠনের পর থেকেই তারা নতুন নতুন গণবিরোধী আইন পাশ করার মাধ্যমে ক্ষমতাকে পোক্ত করতে চায়। অভিসংশন আইন পাশের মাধ্যমে স্বাধীন বিচার বিভাগের কফিনে শেষ পেরেকটি টুকতে চায় সরকার।
তিনি বলেন, অভিসংশন আইনের অর্থ পরিষ্কার বিচারকরা যাতে আপনাদের বিরুদ্ধে সুচিন্তিত কোনো রায় দিতে না পারে। বিচারকদের চাকুরির ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করাই হচ্ছে এই আইনের মূল লক্ষ্য।
তিনি বলেন, সরকারের লোকজনকে দূর্নীতির সুযোগ করে দিতেই আবারো কুইক রেন্টালের সময় সীমা বাড়ানো হয়েছে। যাতে তারা আরও লুটপাট করে টাকা বিদেশে পাচার করতে পারে।
বিএনপির এই শীর্ষ নেতা সরকারের প্রতি আহ্বান রেখে বলেন, আপনারা বারবার বলেন বিএনপির আন্দোলন করার শক্তি নেই। কিন্তু আমরাও বলছি ক্ষমতা ছেড়ে পুলিশ বাদ দিয়ে রাজপথে আসুন তখন দেখা যাবে কার কত ক্ষমতা।
তিনি বিএনপিসহ জোটের শীর্ষ নেতাদের নামে অভিযোগপত্র দেয়ার প্রতিবাদ জানিয়ে বলেন এভাবে মিথ্যা মামলার জেলে নিয়ে আন্দোলন ও নির্বাচন থেকে দুরে রাখার কৌশল অবলম্বন করছে বর্তমান সরকার।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ কোনো দিনই গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে নি। তাই তারা সম্প্রচার নীতিমালার নামে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরীর আহবায়ক মির্জা আব্বাসের সভাপতিত্বে সমাবেশে ২০ দলীয় জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক তাসনিম আলম, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, ঢাকা মহানগরীর যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল মিন্টু, খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম ও ঢাকা মহানগর শাখার ২০ দলীয় জোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ঢাকা, এমএইচ, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ,এসএইচ
-





