বিএনপি নেতাকর্মীরা কে কোথায় কি করছেন তার সব প্রমাণ আমাদের কাছে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।  তিনি বলেন,  গ্রেফতার নিয়ে বিএনপি যে অভিযোগ করেছে তা মিথ্যা। এইসবে কান দিয়ে জনগণের সময় নষ্ট করার দরকার নেই।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ ছাত্র যুব ঐক্যপরিষদের কেন্দ্রীয় কমিটির ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “নিরপরাধ কাউকে গ্রেফতার করা হচ্ছে না। পারলে প্রমাণ করেন যে আপনাদের (বিএনপি) নেতাকর্মীরা অপরাধী নয়। আমাদের কাছে ভিডিও ফুটেজ পর্যন্ত রয়েছে। কাজেই বিএনপি নেতাকর্মীরা কে কোথায় কি করছেন তার সব প্রমাণ আমাদের কাছে রয়েছে।”

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “বিএনপি গ্রেফতার নিয়ে যে অভিযোগ করেছে তা মিথ্যা। এসবে কান দিয়ে জনগণের সময় নষ্ট করার দরকার নেই। সরকারকে বিব্রত করার জন্য একটি মহল নানা ধরনের গুজব ছড়াচ্ছে। এসব গুজবে কেউ কান দিবেন না।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ধর্ম যার যার রাষ্ট্র সবার। এখানে সবাই মিলে মিশে থাকবে ও ধর্ম পালন করবে। অসাম্প্রদায়িক চেতনায় গড়ে ওঠা বাংলাদেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠার যে সংগ্রাম তা অব্যাহত থাকবে। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখায় বর্তমান সরকারের কোনো বিকল্প নেই। আগামী জাতীয় নির্বাচনে এ সরকার ক্ষমতায় না আসলে সকল উন্নয়ন কর্মকাণ্ড বন্ধের পাশাপাশি সাম্প্রদায়িক শক্তির উত্থান হবে।”  

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হককে গ্রেফতারের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে। তদন্তে তার জড়িত থাকার প্রমাণ পাওয়া না গেলে তার কিছুই হবে না। আদালতে সুপারিশ করা হবে। এটা নিয়ে কারও বিচলিত হওয়ার কিছু নেই।” 

এমবি