‘হুমকি-ধমকিতে এদেশের জনগণ ভয় পায় না’ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যাদের নামে হুমকি দেয়া হয়েছে, তাদের নিরাপত্তা দেয়া হবে। এই হুমকি দেয়ার বিষয়টি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ।
আজ (০৫ মে) রোববার সকালে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এইসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে দেশের জনগণ চোখ-কান খোলা রেখেছে বলে আমরা জঙ্গি হামলা থেকে অনেকটাই মুক্ত হয়েছি। তার মানে এই নয়, আমাদের নিরাপত্তা বাহিনী চুপচাপ বসে আছে। আমরা জঙ্গিদের মূলোৎপাটন করেছি তা কখনও বলিনি, এখনও বলছি না।
আরও পড়ুন: জঙ্গির টার্গেটে শাহরিয়ার কবির-সুলতানা কামাল-মুনতাসির মামুন, থানায় জিডি
জীবনের নিরাপত্তা চেয়ে সুলতানা কামালের জিডি
আসাদুজ্জামান খান কামাল বলেন, নিরাপত্তা বাহিনীর দক্ষতা ও সক্ষমতা বেড়েছে। তারা একের পর এক জঙ্গিদের দমন করছে। লোন উলফ ম্যাগাজিনের মার্চে প্রকাশিত সংখ্যায় দেশের কয়েকজনকে হুমকি দেওয়া হয়েছে। এই হুমকি-ধমকিতে এদেশের জনগণ ভয় পায় না।
সম্প্রতি গুলিস্তানে পুলিশের ওপর বোমা হামলার বিষয়ে আইএসের দায় স্বীকার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু হলেই সাইট ইন্টিলিজেন্সে দায় স্বীকার করা হয়। এটা দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ।
উল্লেখ্য, লোন উলফ ম্যাগাজিনে দেশের তিন বিশিষ্ট নাগরিককে হুমকি দিয়েছে একটি জঙ্গি সংগঠন। এতে মানবাধিকার কর্মী সুলতানা কামাল ছাড়াও সেখানে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুনকে টার্গেটে রাখা হয়েছে।
হুমকি দেয়ার পর গত ২ দিনে মানবাধিকার কর্মী সুলতানা কামাল ও ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন নিরাপত্তা চেয়ে থানায় আবেদন করেছেন।
এমবি





