বিএনপির নির্বাচিত এমপিদের শপথ ও সংসদে যাওয়া নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত সঠিক ছিলো বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (০৫ মে) রোববার জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত ছাত্র ফোরামের আয়োজনে সাবেক বিএনপি নেতা নাসির উদ্দিন আহম্মেদ পিন্টুর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় মির্জা ফখরুল এই মন্তব্য করেন।

বিএনপির মহাসচিব বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সংসদে যাওয়ার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। যখন আমরা বলেছিলাম, সংসদে যাব না, ওই সিদ্ধান্তটা ভুল ছিল। কারণ আমাদের পার্লামেন্টেও লড়াই করতে হবে। বাইরেও লড়াই করতে হবে।”

এখন আমরা কিছুই করতে পারছি না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “সস্তা স্লোগান দিলে চলবে না। আমাদের পথ বের করতে হবে। পজিটিভ চিন্তা করতে হবে। আমরা বসে থাকব না। পথ খুঁজব। দেশে সুশাসন নেই। বিচার বিভাগসহ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলা হয়েছে।”

সরকারের উন্নয়ন প্রকল্পের কথা উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, “আওয়ামী লীগের প্রবৃদ্ধি হচ্ছে। সাধারণ মানুষের কোনো উন্নয়ন হচ্ছে না। অর্থনীতির অবস্থা অত্যন্ত ভয়ংকর। এই সরকার শুধু গণতন্ত্রেরই ক্ষতি করছে না দেশের ও ক্ষতি করেছে।”

দলে এতটুকুও সমস্যা নেই, দল ঐক্যবদ্ধ আছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

খালেদা জিয়ার মুক্তির দাবি করে বিএনপি মহাসচিব বলেন, “সরকার তাঁর জামিন দিতে ভয় পায়। কারণ, দেশনেত্রীকে মুক্তি দিলে হ্যামিলিয়নের বাঁশিওয়ালার মতো তাঁর পেছনে মানুষ ছুটে আসবে।”

তিনি আরও বলেন, খালেদা জিয়ার সুচিকিৎসা দরকার। কারারুদ্ধ অবস্থায় তাঁর স্বাস্থ্যের কিছু হলে এর দায়দায়িত্ব সরকারকে নিতে হবে।

নাসির উদ্দিন পিন্টুর স্মৃতিচারণ করে বিএনপির মহাসচিব বলেন, “রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে কারাগারে হত্যা করা হয়েছে।”

সংগঠনের আহ্বায়ক নাহিদুল ইসলাম নাহিদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াসিন আলী, আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ।

এমবি